বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, ‘ডিজিটাল প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাজের দক্ষতা ও কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি জনগণের প্রতি জবাবদিহিতা ব্যাপক মাত্রায় বাড়ানোর সুযোগ তৈরি করেছে। তাই সকল প্রতিষ্ঠান ও সেবাদাতাদের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।’
বুধবার উন্নয়ন সমন্বয়ের পক্ষ থেকে প্রযুক্তি কোম্পানি নিওস্টার ইনোভেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরকালে তিনি এসব কথা বলেন।
এই উদীয়মান প্রযুক্তি কোম্পানিটি জাতীয় পর্যায়ের গবেষণা ও এডভোকেসি সংস্থা উন্নয়ন সমন্বয়ের জন্য একটি ওয়েবসাইট নির্মাণের কাজ করবে। এই ওয়েবসাইটের মাধ্যমে উন্নয়ন সমন্বয়ের করা সকল গবেষণার ফলাফল ও তথ্যাদি সর্বস্তরের জনগণের সামনে তুলে ধরা হবে। ফলে বিভিন্ন গবেষণা সংস্থা, একক গবেষক, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী এবং অন্যরা খুব সহজেই নির্ভরযোগ্য গবেষণালব্ধ তথ্য পেতে সক্ষম হবেন।
ড. আতিউর বলেন, উন্নয়ন সমন্বয় প্রায় ২৫ বছর যাবত জনবান্ধব অংশগ্রহণমূলক গবেষণা ও অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করে আসছে। উন্নয়ন সমন্বয়ের নতুন ওয়েবসাইটের কাজ সম্পন্ন হলে সেখান থেকে সহজেই সামষ্টিক-অর্থনৈতিক ও সামাজিক সূচক সংশ্লিষ্ট তথ্যাদি পাবে এবং সেগুলোর ভিত্তিতে নীতি প্রণয়নে কার্যকরভাবে অংশ নিতে সক্ষম হবে।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন সমন্বয়ের সঙ্গে একসাথে কাজ করতে পেরে তার কোম্পানি খুবই গর্বিত।
অনুষ্ঠানে নিওস্টার ইনোভেশনের পক্ষ থেকে কোম্পানির প্রধান নির্বাহী অ্যাওয়ার্ড অপূর্ব সিংহা সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
ইত্তেফাক/বিএএফ