প্রধানমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও চারঘাট-বাঘার সংসদ সদস্য শাহরিয়ার আলম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। আমরা কারো জন্য অন্যায়ভাবে তদবির করিনা। বিশ্বের অনেক রাষ্ট্র রয়েছে যেখানকার রাজা-বাদশারা বিশেষ চেয়ারে বসেন। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী এগুলো পছন্দ করেন না।’
 
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাঘা উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন এবং জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, ‘আমরা ছোট বেলায় পড়েছি অধিক জনসংখ্যা অভিশাপ। এ কথা মোটেও ঠিক নয়, এটি আল্লাহ প্রদত্ত। বিশ্বে এখনও অনেক দেশ রয়েছে যারা সন্তানের জন্য লালায়িত। প্রধানমন্ত্রী ১৬ কোটি মানুষকে সম্পদে পরিণত করেছেন।’
 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাঘায় শতভাগ বিদ্যুতায়ন হয়েছে এ জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ।’
 
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন- বাঘা পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম শাহিনুর আলম মৃধা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা তিলু।
 
এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন ও আওয়ামী লীগ নেতা কামাল হোসেন প্রমুখ 
 
ইত্তেফাক/বিএএফ