উসেইন বোল্টের অস্ট্রেলিয়ান লিগের ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের সাথে ‘ট্রায়াল’ পর্বের সমাপ্তি ঘটেছে। অ্যাথলেটিক্স থেকে অবসর নেওয়ার পর পেশাদার ফুটবলার হিসেবে ক্যারিয়ার গড়ার চেষ্টায় বোল্ট আগস্টে ‘অনির্দিষ্ট কালের অনুশীলনে’ ক্লাবটিতে যোগ দিয়েছিলেন।
সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের হয়ে এক প্রীতি ম্যাচে দুটি গোলও করেছিলেন ৩২ বছরের বোল্ট। কিন্তু অস্ট্রেলিয়ায় ফুটবল মৌসুম শুরুর পর আর তাদের হয়ে খেলেননি আটবারের এই অলিম্পিক চ্যাম্পিয়ন। সম্প্রতি ক্লাবটি জ্যামাইকানটির সাথে চুক্তিরও প্রস্তাবও দিয়েছিল। কিন্তু অজি ক্লাবটি জানায় ‘ফুটবল’ ও ‘বাণিজ্যিক’ শর্তের কারণে সে প্রস্তাবের আলোচনা ভেঙ্গে যায়।
অস্ট্রেলিয়ার ক্লাবটি গতকাল শুক্রবার জানায় বোল্টকে রেখে দেয়ার জন্য ‘বাণিজ্যিক সমাধানের’ চেষ্টাও ব্যর্থ হয়। ম্যারিনার্সের মালিক মাইক চার্লসওয়ার্থ বোল্টকে তার আট সপ্তাহের ‘ট্রায়ালের’ জন্য ধন্যবাদ জানিয়ে বলেছেন, এটি সফল হয়েছে। চার্লসওয়ার্থ বলেন, ‘সে দলের সাথে ভালোভাবেই একাত্ম হয়ে গিয়েছিলেন এবং ফুটবলার হিসেবে বড় অগ্রগতি অর্জন করেন।’
কিংবদন্তি এই স্প্রিন্টার পেশাদার ফুটবল খেলাকে তার ‘স্বপ্ন’ বলে বর্ণনা করেন। ১০০ ও ২০০ মিটারের বিশ্বরেকর্ডধারী বোল্ট গতকাল শুক্রবার বলেন, ‘আমি সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের মালিক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, স্টাফ, খেলোয়াড় ও সমর্থকদের সেখানে কাটানো সময়ে আমাকে আপন করে নেয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমি সামনে পড়ে থাকা মৌসুমে সাফল্যের জন্য তাদের শুভেচ্ছাও জানাই।’
অ্যাথলেটিক্স থেকে ২০১৭ সালে অবসর নেয়া বোল্ট এর আগে জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড, দক্ষিণ আফ্রিকার ক্লাব মামেলোদি সানডাউনস ও নরওয়ের স্ট্রোমসগডসেট এ অনুশীলন করেছিলেন। মেরিনার্সে থাকতেই মাল্টা লিগের চ্যাম্পিয়ন ভেলেটার একটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।—বিবিসি