‘৩ নভেম্বরের হত্যাকাণ্ড স্বাধীনতা বিরোধীদের নৃশংস নীলনকশা’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, ৩ নভেম্বরের জেল হত্যাকাণ্ড স্বাধীনতা বিরোধীদের নৃশংস নীলনকশা। যারা বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, সে পরাজিত শক্তি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে বারবার হত্যার পরিকল্পনা করেছে। এ ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। 
 
তিনি আজ রবিবার মতলব দক্ষিণ উপজেলার মতলব সরকারি ডিগ্রি কলেজ মাঠে শনিবার জেলহত্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। মতলব উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান হাজী ওচমান গণি পাটোয়ারি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাজেদুল হোসেন দীপু চৌধুরী, মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, পৌরসভা মেয়র মো. আওলাদ হোসেন লিটন, উপজেলা সেক্রেটারি বিএইচ কবির আহমেদসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
 
মায়া চৌধুরী বলেন, জেলাখানার মতো একটি নিরাপদ জায়গায় বেয়নেট দিয়ে খুচিয়ে খুচিয়ে নির্মম হত্যাকাণ্ড ইতিহাসে বিরল। তেমনিভাবে গণতান্ত্রিক দেশে একটি দলের মহাসমাবেশে শীর্ষ নেতৃবৃন্দের ওপর গ্রেনেড হামলাও ইতিহাসে বিরল। কিন্তু স্বাধীনতার পরাজিত হায়েনারা তাই করেছে। 
 
তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা এখনো বিভিন্ন রঙে নিজেদের মুখোশ পাল্টে আওয়ামী লীগকে ধ্বংস করার পাঁয়তারা করছে। ৭১ এর ঘাতক, ৭৫ এর ঘাতক, ৩ নভেম্বরের ঘাতক ও ২১ আগস্টের ঘাতকরা একই সূত্রে গাঁথা বলে মন্ত্রী মন্তব্য করেন।  
 
এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে সরকারের ধারাবাহিকতা রক্ষায় আবারও নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
 
ইত্তেফাক/কেকে