তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘ঐক্যফ্রন্টের ৭ দফার সাফ কথা হলো বাংলাদেশকে সংবিধানের বাইরে ঠেলে দেওয়া। একটি অস্বাভাবিক সরকার গঠন করা, দেশে অচল অবস্থা তৈরি করে দেওয়া, সময় নষ্ট করে দেওয়া এবং বাংলাদেশে একটা অস্বাভাবিক ভূতের সরকার নাজিল করা।’
রবিবার বিকেলে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাজারে জাসদের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দণ্ডিত খালেদা, তারেক এবং যুদ্ধাপরাধী জামায়াত কর্মীদের কারাগার থেকে মুক্ত করে আবার রাজনীতির মাঠে হালাল করে দেওয়াই হচ্ছে যুক্তফ্রন্টের মুল দাবি।
তিনি আরো বলেন, ঐক্যফ্রন্ট যাই করুক বাংলাদেশকে রক্ষা করতে হলে সামনের দিকে এগোতে হলে ডিসেম্বরে নির্বাচন করতে হবে।
শিবালয় উপজেলা জাসদের সভাপতি ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় বক্তব্য দেন- জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক ও জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান, জেলা জাসদের সহ-সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশা, যুগ্ম-সাধারণ সম্পাদক আসলাম খান বাবু, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন লিটন, জেলা যুবজোটের সভাপতি প্রভাষক আমিনুল ইসলাম কহিনুর, সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম বাবু, জেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান খান ও সাধারণ সম্পাদক শাহীনুর রহমান।
ইত্তেফাক/বিএএফ