২১ নভেম্বর থেকে রংপুরে পরিবহন শ্রমিক কর্মবিরতি

পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদানে মালিক পক্ষের বিভিন্ন তালবাহানার প্রেক্ষিতে এবং নিয়োগপত্র প্রদানের দাবিতে আগামী ২১ নভেম্বর থেকে রংপুর জেলায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন। রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ জেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে গতকাল রবিবার এক বিশেষ সভায় এই কর্মসূচি ঘোষণা করেন তারা।
 
রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউনিয়নের সাধারণ সম্পাদক এম.এ মজিদ বলেন, পরিবহন শ্রমিকদের প্রায় ৪০ বছরের প্রাণের দাবি নিয়োগপত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত নিয়োগপত্র প্রদানের জন্য গেজেট আকারে প্রজ্ঞাপন জারি করেছেন। অথচ উক্ত নিয়োগপত্র প্রদানে মালিকরা বিভিন্ন ধরনের তালবাহানা করছে। আমাদের যৌক্তিক দাবি ২০ নভেম্বরের মধ্যে মালিক কর্তৃক বাস্তবায়ন করা না হলে আগামী ২১ নভেম্বর থেকে রংপুরে অনির্দিষ্টকালের জন্য পরিবহন শ্রমিক কর্মবিরতি পালন করা হবে।
 
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক রোনাচুজ্জামান মিন্টু, কোষাধ্যক্ষ শাহরিয়ার হোসেন বিটুল, সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান মজনু, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, দপ্তর সম্পাদক সিদ্দিকুল ইসলাম টিটু, প্রচার ও শ্রমিক কল্যাণ সম্পাদক ফারুক হোসেন, শিক্ষা ও ক্রীড়া সম্পাদক মনোয়ার হোসেন মুকুল, সড়ক সম্পাদক মোতালেব হোসেন, আব্দুল মালেক, কবির হোসেন ইদু, কার্যকারী সদস্য আমির হোসেন, মেহের উদ্দিন মেরু ও বাদশা মিয়া।
 
ইত্তেফাক/নূহু