দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে শুরুটা সতর্কভাবেই করেছিল। তবে তাইজুল ইসলামের ঘুর্ণিতে মধ্যাহ্ন বিরতির পর কাবু হয়ে পড়েছে জিম্বাবুয়ে। বিরতির আগে দুই উইকেটে ৯১ রান নিয়ে বিরতিতে গেলেও এখন তাদের স্কোর ৬ উইকেটে ১৪৯ রান।
তবে বিরতির পর মাঠে নেমে মাসাকাদজা আউট হওয়ার ২৯ রানের মধ্যে দলটি চার উইকেট হারায়। যার তিনটিই তুলে নেন তাইজুল। চার উইকেট হাতে রেখে তাদের লিড দাঁড়িয়েছে অবশ্য ২৮৮ রানের।
সিলেটে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ১৪০ রানের লিড নিয়ে সোমবার তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ফের ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। দলীয় ১৯ রানে মেহেদি হাসান মিরাজের বলে আউট হন ওপেনার ব্রায়ান চারি। ইনিংসের ১৯তম ওভারে এসে দলীয় ৪৭ রানে তাইজুলের বলে আউট হন ব্রেন্ডন টেলর (২৪)।
তৃতীয় উইকেট জুটিতে মাসাকাদজা ও সিন উইলিয়ামস দলীয় স্কোরকে ১০১ রান পর্যন্ত নিয়ে যান। দলীয় এ সময় মাসাকাদজা (৪৮) এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন মিরাজের বলে। এরপর ১৩০ রানের মধ্যে তাইজুল একে একে তুলে নেন সিন উইলিয়ামস (২০), সিকান্দার রাজা (২৫) ও পিটার মুরের (০) উইকেট।
এর আগে প্রথম ইনিংসে জিম্বাবুয়ে করেছে ২৮২ রান। জবাবে বাংলাদেশ মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে যায়। ফলে প্রথম ইনিংসে ১৩৯ রানের লিড পায় সফরকারীরা। গতকাল দ্বিতীয় দিনে এই লিড নিয়েই দ্বিতীয় ইনিংস শুরু করে দলটি। দ্বিতীয় ইনিংসে ১ রান করতেই দিনের খেলা শেষ হয়।
ফলে আজ তৃতীয় দিনের খেলা শুরুর আগে তাদের লিড দাঁড়ায় ১৪০ রানের। সেখান থেকেই আজ সামনে এগুতে ব্যাট করছে তারা।
ইত্তেফাক/কেআই