মস্কো উত্সবে পুরস্কৃত ফারুকীর নতুন চলচ্চিত্র

বিনোদন রিপোর্ট

 

ছবিটি বাংলাদেশে নানা জটিলতায় আটতে থাকলেও বিদেশি উত্সবে প্রশংসিত হচ্ছে। দেশের বরেণ্য নির্মাতা মোস্তফা সারয়ার ফারুকী একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও বলেছিলেন, ‘দেশীয় পুরস্কার আমি আর চাই না।’

গত ২৫ এপ্রিল ৪১তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের সমাপনী মঞ্চ থেকে সেই বার্তাটিই পাঠালেন মোস্তফা সরয়ার ফারুকী। বিশ্বের অন্যতম এই উত্সবে অংশ নিয়ে ‘শনিবার বিকেল’ জিতেছে দুটি উল্লেখযোগ্য পুরস্কার। রাশিয়ার মস্কো থেকে ২৫ এপ্রিল দুপুরে ফেসবুকের মাধ্যমে এমনটাই জানান মোস্তফা সরয়ার ফারুকী। ছবিটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াও নিশ্চিত করেছে খবরটি। ‘শনিবার বিকেল’ এই উত্সব থেকে জয়লাভ করেছে রাশিয়ান ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস জুরি এবং কমমেরস্যান্ট পুরস্কার। ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই উত্সবে ছবিটির পরিচালক ও অভিনেত্রী হিসেবে সরাসরি অংশ নিয়েছেন ফারুকী-তিশা দম্পতি। সঙ্গে আছেন ছবির অন্যতম অভিনেতা জাহিদ হাসানও। এখনো তাঁরা সেখানেই আছেন।

এদিকে এই পুরস্কার প্রাপ্তিতে ‘শনিবার বিকেল’ টিমের সকলকে ধন্যবাদ জানান মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার বিকেল-এ কাজ করেছেন বিভিন্ন দেশের শিল্পী ও কলাকুশলীরা। এরমধ্যে রয়েছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী প্রমুখ।