বিনোদন ডেস্ক
বলিউডের অভিনয়শিল্পীরা সিনেমা নিয়ে ব্যস্ত থাকুক আর না থাকুক, অসমবয়সী প্রেম-বিয়ে-বিবাহবিচ্ছেদ নিয়ে ঠিকই আলোচনায় থাকেন। কারিনার হাতে এ মুহূর্তে কোনো কাজ নেই। তাই হয়তো পুরোনো প্রেমের কথা তুলে আবারো আলোচনায় আসতে চাচ্ছেন। দু’জনই সকলকে এর আগে জানিয়েছিলেন, কীভাবে নিজের থেকে ১০ বছরের বড় সাইফের প্রেমে পড়েছিলেন কারিনা। হিউম্যানস অফ বোম্বের জন্য লেখা একটি পোস্টে কারিনা তাঁর জীবনের দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক প্রেম এবং মাতৃত্ব সম্পর্কে অকপট কথা বলেছেন। ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবনের চেনা অচেনা নানাদিক তুলে ধরেছেন। কারিনা জানিয়েছেন, ২০০৮ সালে তশন চলচ্চিত্রের শুটিংয়ের সময় সাইফ আলী খানের প্রেমে পড়েন তিনি। কারিনা পোস্টে বলেছেন, ‘যেভাবেই হোক না কেন, আমার সারাজীবনে এমন মানুষের আমি আশীর্বাদ পেয়েছি, যাঁরা আমাকে পুরোপুরি সমর্থন করেছেন! আমি যখন পড়ে যাচ্ছি তখন সাইফই আমাকে তুলে ধরেন। আমার সঙ্গে তো ওর আগেও দেখা হয়েছে, কিন্তু যখন আমরা তশনের শুটিং করছি তখন সেই পরিচয় কিছুটা বদলে গেল। আমি ভালোবেসে ফেললাম! ও দারুণ একজন মানুষ, প্রেমে না পড়ে উপায় ছিল না।’ সাইফের সঙ্গে চলচ্চিত্রের সেটে কাটানো সময়ের কথা স্মরণ করছিলেন অভিনেত্রী। জানিয়েছেন, বাইক চালিয়ে দূরে ঘুরতে যাওয়া আর দুর্দান্ত আড্ডা মারতে মারতেই তাঁদের সম্পর্ক গভীর হয়। কারিনা লিখেছেন, ‘আমার মনে আছে লাদাখ এবং জয়সলমেরে শুটিং করার সময় আমরা একটু আলাদা করে সময় কাটাতে বাইকে করে দূরে ঘুরতে যেতাম। আমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিতাম।’ কারিনা আরো বলেন, ‘সাইফ আমার চেয়ে ১০ বছরের বড় এবং তৈমুর ছাড়াও তাঁর ২ জন সন্তান রয়েছে। তবে আমার জন্য সাইফ এমন একজন মানুষ, যিনি আমাকে ভালো করে তুলতে ও ভালোবাসতে সাহায্য করেছিলেন। সম্ভবত এ কারণেই আমরা অনেকটা আলাদা। সাইফ খুব ব্যক্তিগত ও বলিউডে মিশে থাকা মানুষ নন। আমি ওর কাছ থেকে কীভাবে ভারসাম্য রেখে চলতে হয় তা শিখেছি।’