পারফর্মমেন্স আর্ট ‘রক্ষা চক্র’

আগামী ৯ ও ১০ নভেম্বর বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ১৭তম অল এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ ২০১৮। 
 
এ উপলক্ষে তরুণদের নাট্যদল আভাঁ গার্দ- এর পরিবেশনায় ‘রা চক্র’ নামে একটি পারফর্মমেন্স আর্ট প্রদর্শন করবে। আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার দুই দিন পথ নাটকটি রাজধানীর কয়েকটি স্থানে অনুষ্ঠিত হবে। বুধবার বিকাল ৪ টা ১৫ মিনিটে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ও বিকাল ৫টায় টিএসসি মিলনায়তনে, বৃহস্পতিবার ৪টা ১৫ মিনিটে ছবির হাটে এবং  বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ অনুষেদের সামনে প্রদর্শনীটি দেখানো হবে। পারফর্মমেন্স ট্রুপটির নেতৃত্বে রয়েছেন এ.বি.এম. জেম। 
 
তিনি বলেন, ‌মানুষের সঙ্গে ‘দ্বৈত’ এর সম্পর্ক নিবিড়। শুরুটা অণু পরিমাণু দিয়ে। এরপর আলো আঁধার, দিন রাত, সাদা কালো পর্যন্ত অনেক দ্বৈততা। এসব দ্বৈত বিষয়গুলোর মধ্যে সবচেয়ে সংকটপূর্ণ হচ্ছে নারী পুরুষ, শাসক শাষিত ও ন্যায় অন্যায়। এইসব দ্বৈত চক্রের মুখোমুখি হলে কখনো কখনো মানুষের পেশি শক্তির ব্যবহার প্রয়োজনীয় হয়ে পড়ে। অত্যাবশ্যক হয়ে পড়ে আত্মরক্ষা। এই বিপরীত দ্বৈত চক্র, আত্মরক্ষা ও ন্যায়-অন্যায়ের গল্প নিয়েই পারফর্মমেন্স আর্ট ‘রক্ষা চক্র’। আশা করি, এই নতুন পরিবেশনা দর্শকদের ভালো লাগবে।
 
আগামী ৯ ও ১০ নভেম্বর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১৭তম অল এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ ২০১৮ প্রতিযোগিতার মূল পর্ব অনুষ্ঠিত হবে। প্রতিযোগীতার মূল পর্ব উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও খিউকুশীন বাংলাদেশ-এর প্রধান পৃষ্ঠপোষক ডা. দীপু মনি এমপি।
 
প্রতিযোগীতায় স্বাগতিক বাংলাদেশসহ জাপান, আফগানিস্তান, চীন, ভারত, ইরান, কাজাখিস্তান, কুয়েত, লেবানন, ম্যাকাও, মঙ্গোলিয়া, মিয়ানমার, বাহরাইন, নেপাল, পাকিস্তান, ফিলিপাইনস, শ্রীলংকা ও কুয়েতসহ মোট ১৮ দেশের ৬০ জন প্রতিযোগী অংশ নিচ্ছে। 
 
আয়োজনটির সহযোগীতায় রয়েছে বাংলাদেশ মার্শাল আর্টস কনফেডারেশন, জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ সরকার।
 
ইত্তেফাক/কেকে