প্রেমের টানে ব্রাজিল কন্যা কুমিল্লায়

সম্প্রতি প্রেমের টানে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে অনেক তরুণ-তরুণী ছুটে এসেছেন। এবারও সেই একই ঘটনা ঘটেছে কুমিল্লায়। প্রেমের টানে বাবাকে নিয়ে সুদূর ব্রাজিল থেকে ছুটে এসে কুমিল্লার লাকসামের প্রেমিক হিরুর সঙ্গে সংসার পাতলেন ২৫ বছর বয়সী জুলিয়ানা। প্রেমের এ বন্ধনের বিষয়টি বেশ নাড়া দিয়েছে এলাকার মানুষের মাঝে, যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ভাইরাল হয়ে পড়েছে।
 
পারিবারিক সূত্রে জানা যায়, লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দোখাইয়া গ্রামের আবদুল খালেকের ছোট ছেলে আবদুর রব হিরু সিলেট মদন মোহন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শেষবর্ষে অধ্যয়নরত অবস্থায় জীবিকার তাগিদে পাড়ি জমান প্রবাসে। বছর খানেক আগে হিরু দেশে ফেরেন। 
 
হিরু বলেন, ২০১২ সালের ৬ জুলাই বাহরাইন কর্মস্থলে অবসরে ইংরেজি ভাষা শিক্ষা সেন্টারে দুইজনের পরিচয় হয়। পরে ফেসবুকে জুলিয়ানার আইডিতে লাইক দেই। জুলিয়ানাও আমাকে লাইক দেয়। এভাবেই শুরু হয়ে গতি পায় সম্পর্ক। একপর্যায়ে ম্যাসেজ বিনিময় থেকে শুরু করে প্রায় প্রতিদিনই কথা হতো উভয়ের। সেই থেকে দুইজনের মধ্যে প্রেম-ভালোবাসার সম্পর্ক গভীর হতে থাকে। 
 
তিনি আরো বলেন, এ বিষয়ে জুলিয়ানা তার বাবা মারকোর্স জিয়ানিংয়ের সঙ্গে আলোচনা করে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন। আমিও আমার অভিভাবকের সঙ্গে কথা বলে জুলিয়ানাকে সিদ্ধান্ত জানাই। গত ৩১ অক্টোবর তারা বাংলাদেশে আসে। 
IMG0
 প্রেমিক হিরুর সঙ্গে জুলিয়ানা। রিকশায়  জুলিয়ানা এবং তার পরিবারের সদস্য। ছবি: ইত্তেফাক
 
হিরু বলেন, ঢাকা এয়ারপোর্টে বাবা-মেয়েকে রিসিভ করে কাকরাইল কাজী অফিসে ইসলাম ধর্ম গ্রহণের মাধ্যমে জুলিয়ানাকে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে করি এবং মিরপুর-২ এর একটি ভাড়া বাসায় উঠি, এরপর জুলিয়ানা ও তার বাবাকে নিয়ে গ্রামের বাড়িতে আসি। সবার দোয়া ও আল্লাহর ইচ্ছায় আমরা সুখের সংসার করছি। জুলিয়ানা কিছু বাংলা বলতে শিখেছে। আমাদের পরিবার ও স্বজনদের সকলে এই সম্পর্ক নিয়ে বেশ খুশি। 
 
এদিকে প্রেমের টানে ব্রাজিল কন্যার বাংলাদেশে আসা ও বিয়ের খবরে আশপাশের গ্রাম থেকে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের লোকজন আবদুর রব হিরুর বাড়িতে ভিড় জমাচ্ছেন। স্থানীয় এক রিকশাচালক ওই নবদম্পতিকে রিকশায় করে গ্রামীণ সড়কে নিয়ে আশপাশের এলাকা ঘুরে দেখান। এরপর জুলিয়ানার বাবা রিকশা চালিয়ে মেয়ে এবং জামাইকে নিয়ে আনন্দ-উল্লাস করেন। 
 
ইত্তেফাক/জেডএইচ