পাইরেসি আতঙ্কে বিগ বাজেটের চলচ্চিত্র!

বিনোদন ডেস্ক

 

একাধিক সিনেমার ঝকঝকে প্রিন্ট অনলাইনে ফাঁস করে আলোচনায় এসেছে ‘তামিল রকার্স’। সর্বশেষ তারা মুক্তি পাওয়ার মাত্র দু-দিন আগেই ইন্টারনেটে ফাঁস করলো বহুল প্রতীক্ষিত ‘অ্যাভেঞ্জার্স:অ্যান্ড গেম’ সিনেমাটি। পুরো সিনেমাটির ক্যাম প্রিন্ট অনলাইনে ফাঁস করেছে কুখ্যাত পাইরেসি ওয়েবসাইটটি। এমনকি সেখানে থাকছে ফ্রি ডাউনলোডিংয়ের সুযোগও।

এ পর্যন্ত একাধিক সিনেমা ইন্টারনেটে ফাঁস করে আলোচনায় এসেছে এই হ্যাকিং সাইটটি। মূলত গতবছর থাগস অব হিন্দুস্তান ছবি নিজেদের ওয়েবসাইটে ফাঁস করার পর সবচেয়ে বেশি আলোচনায় আসে তামিল রকার্স। হিন্দি, তামিল ও তেলেগু—এই ৩টি ভাষার ছবির ঝকঝকে প্রিন্ট ফাঁস করেছে সাইটটি।

থাগস অব হিন্দুস্তানের পরপরই অক্ষয় কুমার ও রজনীকান্তের ২.০ ফাঁস করে তারা। সর্বশেষ সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, আদিত্য রায় কাপুর ও সোনাক্ষী সিনহা অভিনীত কলঙ্ক ফাঁস করে তারা। বড় বাজেটের এই সিনেমার পাইরেসি ভার্সন ফাঁস করেছে এ ওয়েবসাইটটি, আর এ কারণেই প্রেক্ষাগৃহ থেকে থুবড়ে পড়ে সিনেমাটি। বলা যায়, রীতিমতো প্রযোজকের মাথায় বাড়ি পড়েছে।

অনেক সময় টুইট বার্তায় নানা ধরনের হুমকিও দেয় তামিল রকার্স। সেটাও আবার স্বভাবসুলভ হ্যাকারদের মতো সাঙ্কেতিক ভাষায়। তবে বুঝতে অসুবিধা হলো না কারোই। ঘোষণাগুলো ইন্টারনেটের বাসিন্দাদের জন্য সুখের হলেও ছবির কর্তাব্যক্তিদের ঘুম কেড়ে নিয়েছে। অবৈধভাবে তামিল রকার্সের এমন কর্মকাণ্ড ভারতীয় চলচ্চিত্রকে ক্ষতির মুখে ফেলছে বলে মনে করেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা।