জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, আর কোনো রাজনৈতিক মামলা হবে না। আর কাউকে গ্রেপ্তার করা হবে না।
বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ শেষে ড. কামাল হোসেনের বেইলী রোডের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সংলাপ শেষে মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের জানান, দ্বিতীয় দফা সংলাপেও তারা কোনো সমাধান পাননি।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে গত ১ নভেম্বর প্রথম সংলাপে বসে ঐক্যফ্রন্ট। তখন ঐক্যফ্রন্টের সাত দফা দাবির বিষয়ে কোনো সমাধান না আসায় বুধবার আবারো সংলাপে বসেন দলটির নেতারা।
গণভবনের ব্যাংকোয়েট হলে বেলা ১১টা থেকে তিন ঘণ্টার এই সংলাপে দুই পক্ষেই ১১ জন করে অংশ নেন। আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
সংলাপ শেষে ওবায়দুল কাদের গণভবনের বাইরে সাংবাদিকদের বলেন, ঐক্যফ্রন্টের নেতারা তাদের সাত দফা দাবি নিয়ে আলোচনা করেছেন। তার মধ্যে সত্যিকারের রাজনৈতিক মামলা থাকলে তা প্রত্যাহার, লেভেল প্লেইং ফিল্ড তৈরি, বিদেশি পর্যবেক্ষকদের পরিদর্শনের অনুমতিসহ আরো কয়েকটি বিষয়ে আওয়ামী লীগ একমত হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ