ইত্তেফাক রিপোর্ট
আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা রেনেসাঁর একজন অন্যতম প্রবর্তক। রসায়নশাস্ত্রে এবং সার্বিকভাবে বিজ্ঞান চর্চায় তার অবদান মৌলিক এবং অবিস্মরণীয়। একজন নিষ্ঠ সমাজ সংস্কারক, দেশীয় ব্যবসা-বাণিজ্য ও শিল্পোন্নতি বিধানের অন্যতম পৃষ্ঠপোষক বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মহান জীবন ও কর্ম থেকে প্রেরণা নিয়ে আমরা নিশ্চয়ই বিজ্ঞানভিত্তিক যুক্তিবাদী বাংলাদেশ গঠনে এগিয়ে যেতে সক্ষম হব।
গতকাল বৃহস্পতিবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে বাংলা একাডেমি আয়োজিত আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মরণে একক বক্তৃতানুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে ‘অনন্য বাঙালি, বহুত্ববাদী বিশ্বনাগরিক’ শীর্ষক বক্তৃতা প্রদান করেন লোকগবেষক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। স্বাগত বক্তৃতা প্রদান করেন একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, প্রফুল্লচন্দ্র রায় একই সঙ্গে একজন বিশিষ্ট এবং বিস্মৃত বাঙালি প্রতিভা। রসায়নশাস্ত্রে এবং সার্বিকভাবে বিজ্ঞান চর্চায় তার অবদান মৌলিক এবং অবিস্মরণীয়। প্রফুল্ল রায় জাতিভেদ প্রথার ঊর্ধ্বে উঠে তিনি স্বদেশের আপামর মানুষের সামাজিক উন্নয়নের প্রচেষ্টা চালিয়েছেন, আবার ঔপনিবেশিকতার বিরুদ্ধে স্বাদেশিক আন্দোলনের অগ্রভাগে অবস্থান নিয়েছেন।
লোকগবেষক শামসুজ্জামান খান বলেন, প্রফুল্লচন্দ্র রায় সত্যিকার অর্থেই ছিলেন অনন্য বাঙালি, বহুত্ববাদী বিশ্বনাগরিক। তার বিজ্ঞান চর্চার নেহায়েত কারিগরি বা প্রযুক্তিগত পরিসরে সীমাবদ্ধ ছিল না বরং ইহজাগতিক যুক্তিবাদী সমাজ গঠনের সূত্রসার ধরা ছিল তাতে। একজন অসাধারণ রসায়নবিদ প্রফুল্ল রায় শিক্ষাবিস্তার, সমাজ সংস্কার এবং স্বাধিকার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বলা চলে তিনি ছিলেন বাংলা রেঁনেসার একজন অন্যতম প্রবর্তক। শেরেবাংলা এবং নজরুল সম্পর্কে তার যুগান্তকারী মূল্যায়ন প্রমাণ করে তিনি কতটা দূরদর্শী এবং সমগ্রতাবাদী দৃষ্টিভঙ্গির অধিকারী ছিলেন। একজন উঁচুমানের লেখক হিসেবেও তার স্থান বাংলা সাহিত্যে বিশিষ্টতার দাবি রাখে।
কবি হাবীবুল্লাহ সিরাজী বলেন, প্রফুল্ল রায়ের মতো গুণী রসায়নশাস্ত্রবিদ এবং গভীর মননের প্রাবন্ধিক সত্যিই এ যুগে বিরল। একজন নিষ্ঠ সমাজ সংস্কারক, দেশীয় ব্যবসা-বাণিজ্য ও শিল্পোন্নতি বিধানের অন্যতম পৃষ্ঠপোষক বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মহান জীবন ও কর্ম থেকে প্রেরণা নিয়ে আমরা নিশ্চয়ই বিজ্ঞানভিত্তিক যুক্তিবাদী বাংলাদেশ গঠনে এগিয়ে যেতে সক্ষম হব।