বিশ্বকাপ ক্রিকেট

বাংলাদেশের সামনে ‘বন্ধুর’ পথ

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ, তারপর বিশ্বকাপ। সব মিলিয়ে ইউরোপে লম্বা সফর। বিশ্বকাপকে পাখির চোখ করেই আগামী ১ মে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় দল। ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে ভালো করা বাংলাদেশের জন্য কঠিন হবে বলে মনে করেন স্টিভ রোডস। গতকাল মিরপুর স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন বাংলাদেশের হেড কোচ।

বিশ্বকাপে এবার নয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেরা চারে জায়গা করে নিতে হলে অন্তত পাঁচটি ম্যাচ জিততেই হবে। দশ দল নিয়ে সাজানো বিশ্বকাপের রাউন্ড রবীন লিগে সবগুলো দেশের বিরুদ্ধে খেলবে মাশরাফি বিন মুর্তজার দল। লম্বা টুর্নামেন্ট বলেই হয়ত বিশ্বকাপে বাংলাদেশকে কঠিন পরীক্ষা দিতে হবে বলে মনে করেন রোডস।

বিশ্বকাপে বাংলাদেশের বাস্তবিক টার্গেট জানতে চাইলে গতকাল টাইগারদের কোচ বলেছেন, ‘নিষ্ঠুর হলেও সত্যি বলতে, বিশ্বকাপে বেশকিছু খুবই ভালো দল খেলবে। বাংলাদেশের ভালো করা কঠিন হবে।’

তবে রোডসের বিশ্বাস, বাংলাদেশের সামর্থ্য আছে সব দলকে হারানোর। তিনি বলেছেন, ‘আমি জানি অনেক দল বাংলাদেশকে সম্মান করে এবং ওরা জানে, যদি তাদের খারাপ দিন যায়, এমনকি যদি ওরা ভালোও খেলে, বাংলাদেশের সামর্থ্য আছে ওদের হারানোর। আমরা আগেও সেটা প্রমাণ করেছি। আমি এখানে আসার আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছি আমরা, ভালো দলকে হারিয়েছি আমরা। উইন্ডিজকে কয়েকবার হারিয়েছি আমরা সম্প্রতি।’

নকআউট তথা শেষ চারে খেলতে হলে নিজেদের সেরাটা দিতে হবে টাইগারদের। রোডস বলেছেন, ‘আমরা বড়ো দলকে হারাতে পারি কিন্তু আমাদের নিজেদের সেরাটা খেলতে হবে। বিশেষ করে যদি আমরা নকআউট পর্বে খেলতে চাই। আমাদের কি সেই সামর্থ্য আছে? হ্যাঁ।’

বাংলাদেশ দলে এবার পাঁচ সিনিয়র ক্রিকেটার আছেন, যারা দলের মূল ভরসা। প্রত্যেকেই প্রায় এক যুগ ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। মাশরাফি, মুশফিক দুইশর বেশি ওয়ানডে খেলেছেন। সাকিব, তামিম, মাহমুদউল্লাহও দেড়শর বেশি ওয়ানডে খেলেছেন। আর এই অভিজ্ঞতার ভাণ্ডার বাংলাদেশের জন্য বড়ো আশীর্বাদ।

বিশ্বকাপের অন্যতম সেরা অভিজ্ঞ দল বাংলাদেশ। এ প্রসঙ্গে ইংলিশ কোচ বলেছেন, ‘আমাদের দলে এমন খেলোয়াড় আছে যারা আগেও বিশ্বকাপে খেলেছিল। অনেক ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে তাদের। এটা খুব ভালো দিক। আমার মনে হয়, কিছু খেলোয়াড়ের জন্য এটাই সময়।’

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজটাকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখছে বাংলাদেশ। সিরিজ জেতার টার্গেট থাকলেও এখানে কন্ডিশনে মানিয়ে নেওয়া, সবাইকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার দিকেই নজর থাকবে বাংলাদেশের। যাতে আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপ মিশন শুরু করা যায়।

গতকাল রোডস বলেছেন, ‘আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজটাকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখছি। আমরা আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলব। কিন্তু এটা সুযোগ দলটাকে দেখার। তামিম এ কথাগুলো বলেছে, খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার কথা। কাউকে সুযোগ দেওয়া, তাদের আত্মবিশ্বাস বাড়ানো। আশা করি ম্যাচ জিতব, ত্রিদেশীয় সিরিজ জেতা বড়ো কিছু হবে। আমরা আয়ারল্যান্ডে জেতার জন্যই যাব কিন্তু এগুলো সবই প্রস্তুতির অংশ। যখন আমরা বিশ্বকাপে যাব, তখন আমরা দশ দলের একটি হব যারা জিততে চায়।’