স্পোর্টস রিপোর্টার
বিশ্বকাপে ওপেনিংয়ে বাঁহাতি-ডানহাতি কম্বিনেশনই স্টিভ রোডসের পছন্দ। তামিম ইকবালের সঙ্গী হিসেবে লিটন কুমার দাসকেই এগিয়ে রাখছেন হেড কোচ। অভিজ্ঞ ইমরুল কায়েসের বিশ্বকাপ দল থেকে বাদ পড়াকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি। ইমরুলের মতো পরীক্ষিত ব্যাটসম্যান পড়া মানে, দলের ব্যাটিং গভীরতা অনেক। এছাড়া বিশ্বকাপে সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনা-সমালোচনা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলবে না বলে আশা করেন রোডস।
n ইমরুলের বাদ পড়া
অভিজ্ঞ এ ওপেনারের বাদ পড়া নিয়ে রোডস গতকাল বলেছেন, ‘আমরা টপঅর্ডারে মানসম্পন্ন ক্রিকেটারের গভীরতা বাড়াতে চাচ্ছি। চার-পাঁচ জনেরও বেশি। ইমরুল মানের দিক থেকে শীর্ষস্থানীয় ক্রিকেটার। সে ভালো আন্তর্জাতিক ক্রিকেটার। সে যদি স্কোয়াডে না থাকে, তাহলে বুঝতে হবে দলে ভালো ক্রিকেটার আছে। তার মানে আমরা দল নির্বাচনের ক্ষেত্রে গভীরতা দেখতে পাচ্ছি। এটা আরো প্রমাণ করে, যদি আমাদের ইমরুলকে দরকার হয়, আমরা জানি সে কী করতে পারে। সে স্কোয়াডে নেই, কিন্তু খুব সহজেই জায়গা পেতে পারত।’
n তামিমের সঙ্গী লিটন
বিশ্বকাপে ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে লিটনকেই এগিয়ে রাখছেন হেড কোচ। গতকাল তিনি বলেছেন, ‘আমরা তামিম-লিটনকে দিয়ে বাঁহাতি-ডানহাতি কম্বিনেশনে গিয়েছি। আমি ব্যক্তিগতভাবে এ কম্বিনেশনই পছন্দ করি। আমি এখনই ফাঁস করতে চাই না বিশ্বকাপে ওপেনিং কম্বিনেশন কী হবে। যেটা বলতে পারি, সৌম্য ও লিটনের উপর আমার বিশ্বাস আছে।’
n সামাজিক যোগাযোগ ইস্যু
ভালো খেললে প্রশংসা, খারাপ খেললে সুতীব্র সমালোচনার তোপে পড়েন বাংলাদেশের ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মিছিল বড় টুর্নামেন্টে ক্রিকেটারদের মনোজগতে প্রভাব ফেলে। আসন্ন বিশ্বকাপে এমন হবে না আশা রোডসের। তিনি বলেছেন, ‘তারা সবাই পরিণত মানুষ। তাদের বুঝতে হবে, তাদের কাজ পারফর্ম করা। সিনিয়রদের সাহায্য, নির্দেশনা দরকার তরুণদের। আমি আত্মবিশ্বাসী, তারা ঠিক অবস্থানে থাকবে। আশা করি তারা (খেলোয়াড়রা) অভিজ্ঞ, তাই এসব হওয়া ঠিক হবে না।’ —ইত্তেফাক