উপাচার্যের পদত্যাগের দাবিতে ববিতে অনশন

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হকের পদত্যাগের দাবিতে বুধবার সকাল থেকে আমরণ অনশনরত তিনজন শিক্ষক ও ৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বিশ্ববিদ্যালয়ের চিকিত্সক তানজিল হোসেন জানান, অসুস্থদের মধ্যে ছয় শিক্ষককে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং শিক্ষার্থীদের তার অধীনে চিকিত্সা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক পদ (প্রক্টর, ডিন, প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান) থেকে ৫২ জন শিক্ষক পদত্যাগ করেছেন।

পদত্যাগকারী শিক্ষক সমিতির সহ-সাধারণ সম্পাদক মুহা. ইলিয়াস মাহমুদ জানান, শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির বৈঠকে নেওয়া এ সিদ্ধান্তে উপাচার্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে থাকা প্রায় ৭০জন শিক্ষকের মধ্যে ৫২ জন পদত্যাগ করেছে। বাকিদের মধ্যে অনেকেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন।