অনির্দিষ্টকালের জন্য সোনাহাট স্থলবন্দর বন্ধ ঘোষণা

পাথর আমদানিতে ট্যাক্স বাড়ানোর প্রতিবাদে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে আমদানি রপ্তানিকারক সমিতি ও সিএন্ডএফ অ্যাসোসিয়েশন। সোনাহাট স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক সমিতির সভাপতি আবু তাহের ফারাজি জানান, ট্যাক্স বৃদ্ধিতে আমদানিকারকদের কোনো লাভ না হওয়ায় তারা আমদানি বন্ধ রেখেছে।

সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল জানান, এনবিআর কর্তৃপক্ষ সোনা মসজিদের রেটে পাথর আমদানি করার নির্দেশ দিয়েছে। কিন্তু সোনা মসজিদ দিয়ে পাকুড়া পাথর আসে (কালো পাথর) অন্যদিকে সোনাহাট দিয়ে আসে রিভার বোল্ডার (সাদা পাথর)। বাজারে সাদা পাথরের তুলনায় কালো পাথরের চাহিদা এবং মূল্য দুটোই বেশি। বাজারের সাথে মূল্যের সামঞ্জস্য না হওয়ায় আমদানিকারকরা পাথর আমদানি বন্ধ ঘোষণা করেছে।

সোনাহাট স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা হাফিজুর রহমান শিকদার জানান, আমাদের স্বাভাবিক কার্যক্রম চলমান রয়েছে। তবে আমদানিকারক সমিতি গাড়ি ঢুকতে দিচ্ছে না। কি কারণে তারা পাথরের ট্রাক ঢুকতে দিচ্ছে না তা এখনো অফিসিয়ালি জানায়নি। উল্লেখ্য, বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দরও একই কারণে বন্ধ রাখা হয়েছে।