পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর জেলায় বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। চট্টগ্রামে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয় দিয়ে শ্যামলী পরিবহনের বাস চালক জালাল উদ্দিনকে মারধর করে হত্যার প্রতিবাদে পঞ্চগড় জেলার আটটি পরিবহন শ্রমিক ইউনিয়ন সকাল থেকে এ ধর্মঘট শুরু করে। এদিকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ফলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরের পণ্য পরিবহনও বন্ধ হয়ে গেছে।
পঞ্চগড় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোশাররফ হোসেন জানান, আটটি সংগঠনের সমন্বয়ে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী জেলায় এই অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। ডিবি পুলিশ সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ধর্মঘটের প্রথম দিনে সকাল থেকে ঠাকুরগাঁও জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল রুটে যানবাহন চলাচল বন্ধ করে দেন স্থানীয় শ্রমিক নেতারা। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। নিহত বাস চালক জালাল উদ্দিন (৫০) দিনাজপুরের ১০ মাইল এলাকার বাসিন্দা।
ঠাকুরগাঁও মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার বলেন, রংপুর বিভাগীয় শ্রমিক ইউনিয়নের সিদ্ধান্ত মোতাবেক আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ ধর্মঘট পালন করা হচ্ছে।
এদিকে গতকাল রাত পৌনে নয়টার দিকে দিনাজপুর অফিস জানায়, জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবহন মালিক শ্রমিকদের নিয়ে যৌথ সভায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।