জাতীয় পার্টির মনোনয়নের আবেদন ফরম বিক্রি শুরু

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দলীয় নেতা-কর্মীদের জন্য দলীয় মনোনয়নের আবেদন ফরম দাম ১০ হাজার টাকা কমিয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করেছেন।
 
আজ রবিবার সকালে রাজধানীর গুলশানের ইমানুয়েলস মিলনায়তনে জাতীয় পার্টির মনোনয়নের আবেদন ফরম বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন কালে তিনি দলীয় নেতা-কর্মীদের জন্য ১০ হাজার টাকা কমিয়ে দেন।
 
এরশাদ ৩০ হাজার টাকায় একটি মনোনয়নের আবেদন ফরম গ্রহণ করেন এবং দলীয় নেতা-কর্মীদের জন্য ১০ হাজার টাকা কমিয়ে ২০ হাজার টাকা মূল্য নির্ধারণ করেন।
 
এ সময় জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ বলেন, আমরা দেশে ও মানুষের কল্যাণের জন্য কাজ করি। আমাদের রাজনীতি মানুষের সেবার জন্য।
 
অনুষ্ঠানে পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়নের আবেদন ফরম গ্রহণ করেন। এরশাদ রংপুর-৩, সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ ময়মনসিংহ-৪, কো-চেয়ারম্যান জিএম কাদের লালমনিরহাট-৩ এবং মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ আসনে মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ করেন।
 
পরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, ফখরুল ইমাম এমপি, এড. সালমা ইসলাম, সৈয়দ আবদুল মান্নান, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, নাসরিন জাহান রতনা, মেজর (অব.) খালেদ আখতার, শফিকুল ইসলাম সেন্টু, পীরজাদা শফিউল্লাহ আল মুনির, সেলিম উদ্দিন, জিয়াউল হক মৃধা, লিয়াকত হোসেন খোকা, আমীর হোসেন ভূইয়া, রেজাউল ইসলাম ভূইয়া, ইকবাল হোসেন রাজু, গোলাম মোহাম্মদ রাজু, আশরাফ সিদ্দিকী, সোমনাথ দে, জহিরুল ইসলাম জহির, জহিরুল ইসলাম রুবেল, সুমন আশরাফ, রেজাউল করিম, রোকন উদ্দিন বাবুল, ডা. সেলিনা খান, নুরুন্নাহার বেগম, জাহানারা মুকুল ও নাজমা আক্তার মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ করেন। বাসস
 
ইত্তেফাক/কেকে