ম্যানচেস্টার ডার্বিতে জয়

শিরোপার আরো কাছে সিটি

স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার সিটি নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে শেষ বড় বাধাটি পেরিয়ে গেল। গত বুধবার রাতের এ জয়ে কোচ পেপ গার্দিওলার দল এক পয়েন্টে লিভারপুলকে টপকে আবারো উঠে এলো শীর্ষে। গোলশূন্য প্রথমার্ধের পর বার্নাড সিলভা ৫৪ ও ল্যারয় সানে ৬৬ মিনিটে গোলদুটি করেন। এই রাতে সিলভা শুধু গোলই দেননি, তার সামগ্রিক নৈপুণ্য দলের জয়েও বড় অবদান রাখে। খেলা শেষে কোচ গার্দিওলাও পর্তুগিজ মিডফিল্ডারটিকে প্রশংসায় ভাসান। তাছাড়া চলতি মৌসুমে তিনি খেলছেনও দুর্দান্ত যার প্রমাণ তার এ পর্যন্ত করা ১৪টি প্রিমিয়ার লিগ গোল।

স্পানিশ কোচ গার্দিওলা খেলা শেষে বলেন, ‘বার্নার্দোর একটা অবিশ্বাস্য মৌসুম কাটছে, অবিশ্বাস্য। সে পল পগবা ও প্রত্যেকের সঙ্গে লড়েছে। এটা শুধু ইউনাইটেডের বিরুদ্ধেই নয়, এটা শুধু তার গোল নয়, ব্যাপারটা পুরো মৌসুমের। এটা ছিল মাস্টারক্লাস। প্রতিটি খেলাতেই মাস্টারপিচ। এটা ছিল অবিশ্বাস্য।’

ইউনাইটেড এ নিয়ে শেষ নয় খেলার সাতটি হারলো। তাতে কোচ ওলে গুনে সোলসারের দলটি পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের ব্যাপারটিকে জটিল করেছে। হারের পর সোলসার মনে করেন পড়শিদের সাথে তাদের মানের তফাত্ অনেক। সিটি তাই শ্রেয়তর দল হিসেবেই জিতেছে।

বর্তমানে ৮৯ পয়েন্টে থাকা সিটির সামনে খেলা আছে আর কেবল তিনটি। এর মধ্যে আগামী রবিবার তারা খেলতে যাবে লিগের ১৫তম দল বার্নলের মাঠে। এরপর নিজেদের মাঠে ১০ম স্থানে থাকা লেস্টারকে আতিথ্য দেবে সিটি। সবশেষে খেলতে যাবে ১৭তম স্থানে থাকা ব্রাইটন এর মাঠে। এগুলোয় না হারলে এক দশকের মধ্যে প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখবে সিটি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ায় শেষ দুই খেলার প্রস্তুতির জন্য কোচ গার্দিওলা এক সপ্তাহের প্রস্তুতির সময় পাবেন।

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ের তীব্র প্রতিদ্বন্দ্বিতায় সিটির পেছনেই আছে লিভারপুল। কোচ য়ুর্গেন ক্লপের দল এক সময় সিটির চাইতে সাত পয়েন্টে এগিয়ে ছিল। কিন্তু সেই অগ্রগামিতা বিসর্জনের পর দীর্ঘদিন ধরেই দলদুটির মধ্যে চলছে শীর্ষস্থানের জন্য লড়াই।

লিভারপুলও ইতোমধ্যে টানা নয় খেলায় জিতেছে এবং আজ শুক্রবার নিজেদের মাঠে হাডার্সফিল্ডের মোকাবেলা করবে। এরপর তাদের শেষ দুই খেলা হলো নিউক্যাসল ও উলভসের সাথে। ২৯ বছরের মধ্যে প্রথম প্রিমিয়ার লিগ জয়ের আশায় থাকতে হলে লিভারপুলকে এই খেলাগুলোয় হারা চলবে না। তারপরও আশায় থাকতে হবে সিটি শেষ তিন খেলার কোনোটিতে যেন পয়েন্ট খোয়ায়।

ক্লপের দলকে আবার এ খেলাগুলোর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনারও মুখোমুখি হতে হবে।

এদিকে আর্সেনাল একই রাতের খেলায় উলভারহ্যাম্পটনের মাঠে ৩-১ গোলে হেরেছে। এ হারের পরও পাঁচেই আছে দলটি।