স্পোর্টস ডেস্ক
ভ্যালেন্সিয়াকে নিজেদের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদ ৩-২ গোলে হারিয়ে লা লিগা জয়ের আশা জিইয়ে রেখেছে। ফলে টানা দ্বিতীয় শিরোপাজয়ের অপেক্ষা বেড়েছে বার্সেলোনার।
আগের দিন দেপোর্তিভো আলাভেসকে ২-০ গোলে হারিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছিল বার্সেলোনা। অ্যাটলেটিকো হারলেই চার ম্যাচ হাতে রেখে শিরোপা জিতে যেত কাতালানরা। তবে দলটির কোচ আর্নেস্তো ভালভার্দে জানিয়েছিলেন কাজটা নিজেদেরই করতে হতো তার দলের।
বার্সা কোচের ভবিষ্যদ্বাণীকে সত্যি করে নিজেদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় ঠিকই শ্বাসরুদ্ধকর এক জয় তুলে নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। বুধবার রাতে আলভারো মোরাতার গোলে এগিয়ে গেলেও কেভিন গ্যামেইরোর গোলে সমতা ফেরায় সফরকারী ভ্যালেন্সিয়া।
দ্বিতীয়ার্ধের শুরুতে অ্যান্টোনিও গ্রিজম্যানের লক্ষ্যভেদে এক গোলের অগ্রগামিতা ফিরে পায় রোহিব্ল্যাঙ্কোরা। তবে ৭৭ মিনিটে সফরকারীদের আবারো সমতায় ফেরান অধিনায়ক দানি পারেহো। শেষে আনহেল কোরেয়ার গোলে জয় নিশ্চিত হয় কোচ দিয়েগো সিমিওনের দলের।
দলের জয়ে দারুণ ভূমিকা রাখা ফরাসি ফরোয়ার্ড গ্রিজম্যান জানালেন শীর্ষে উঠতে না পারলেও, যত কাছাকাছি সম্ভব থেকে মওসুম শেষ করতে চায় তার দল। তিনি বলেন, ‘আমাদের হাতে ম্যাচ আছে। আমরা দেখবো তারা সেটা করতে পারে কি না। যদি প্রথম হতে না পারি তবে দ্বিতীয় হতে চাই। আমরা সম্ভাব্য কাছাকাছি অবস্থানে থাকতে চাই, যেন কোনোদিন প্রথম স্থানে যেতে পারি।’
গ্রিজম্যান চলতি মৌসুমে ১৫ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো নয়টি। প্রতিপক্ষ গোলমুখে এই মৌসুমে সবচেয়ে বেশি শট নেয়া অ্যাটলেটিকো ফরোয়ার্ডও তিনিই। দলের এমন গুরুত্বপূর্ণ ফরাসি এই ফরোয়ার্ডের ক্লাব ছাড়ার গুঞ্জন বেশ কয়েক দিন ধরেই স্প্যানিশ সংবাদ মাধ্যমে।
কোচ সিমিওনে অবশ্য এই ফরোয়ার্ডকে পরের মৌসুমেও দলে চান। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভোকে আর্জেন্টাইন এই কোচ বলেন, ‘দলের বর্তমান এবং ভবিষ্যতের জন্য সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে দলের অন্যতম অধিনায়ক এবং আমরা আশা করছি, আগামী মৌসুমেও সে এবারের মতোই তীব্র এক মৌসুম কাটাবে।’
ভ্যালেন্সিয়ার বিপক্ষে এই জয় দিয়ে বার্সার শিরোপা জয়ের অপেক্ষা কমপক্ষে এক ম্যাচ বাড়িয়েছে অ্যাটলেটিকো। তবে নিজেদের মাঠে আগামীকাল লেভান্তের বিপক্ষে খেলবে লিওনেল মেসির দল। সে ম্যাচে জয় পেলে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপার উত্সবে মাতবে কোচ আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।