আত্মগোপনে থাকা নাঈম গ্রেফতার 

সাটুরিয়ায় স্ত্রীকে এসিড নিক্ষেপের মামলায় আত্মগোপনে থাকা নাঈম মুল্লিককে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব-৪। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানার সাকরাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (২ ফেব্রুয়ারি) র‍্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মো. মাজহারুল ইসলামের স্বাক্ষরিত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২৯ জানুয়ারি রাত ১টার দিকে  মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার ভিকটিম সাথী আক্তার (২৫) নামের এক নারী এসিড সন্ত্রাসের শিকার হয়। এসিডে ভিকটিম সাথীর মুখে ও শরীরের বিভিন্ন স্থানে, সাথীর ছোট বোন ইতি আক্তার (৮) ও মা মোছা. জুলেখা বেগম (৩০) এর শরীরের বিভিন্নস্থানে ঝলসে যায়। সাথীসহ তার পরিবারের লোকজনের চিৎকার-চেঁচামেচিতে আশপাশের লোকজন এসে হাজির হয় এবং সাথীকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। 

পরে সাথীর অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজে রেফার্ড করা হয়। বর্তমানে সাথী অ্যাসিডে ঝলসানো মুখ ও শরীর নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায়  গণমাধ্যমসহ  এলাকায় ব্যাপক চাঞ্চ্যল্যের সৃষ্টি হয়। ফলে র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।