সারিয়াকান্দিতে নির্বাচন-পরবর্তী সহিংসতায় কৃষক নিহত

সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনের জের ধরে বগুড়ার সারিয়াকান্দিতে বেলাল শেখ (৩৫) নামে এক কৃষক খুন হয়েছেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কাজলা ইউনিয়নের পাকেরদহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বেলাল শেখ কাজলা ইউনিয়নের পাকেরদহ গ্রামের লাল মিয়া শেখের ছেলে।

জানা গেছে, নিহত বেলাল এবারের ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রাশেদ মোশারফের ঘোড়া প্রতীক ও ৬নং ওয়ার্ডের  ইউপি মেম্বার রফিকুল ইসলামের (টিউবওয়েল প্রতীক) পক্ষে প্রচারণা চালান। মঙ্গলবার রাতে বেলাল তার  বাড়ির আঙ্গিনার কাছের একটি মুদি দোকানে বসে  নির্বাচনি আলোচনা করছিলেন। এ সময় পরাজিত মেম্বার প্রার্থী রফিক শেখের (মোরগ প্রতীক) সমর্থকরা লাঠিশোঠা ও রড দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় বেলাল শেখসহ ৩ জন  গুরুতর আহত হন।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় বেলাল শেখকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ৩টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান জানান, জমাজমি সংক্রান্তের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে জানা গেছে।