কাউখালীতে নগদ টাকা-ইয়াবাসহ আটক ৩

পিরোজপুরের কাউখালীর মধ্য শিয়ালকাঠী গ্রাম থেকে ৮ হাজার ৫০০ পিস ইয়াবা এবং নগদ ২ লাখ ৪ হাজার ৫০০শত টাকা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) পিরোজপুর জেলা কার্যালয়। বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে অভিযানে কাউখালীর শিয়ালকাঠী ইউনিয়নের মধ্য শিয়ালকাঠী গ্রামের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মো. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, বুধবার সকালে অভিযানে কাউখালীর শিয়ালকাঠী ইউনিয়নের মধ্য শিয়ালকাঠী গ্রামের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের বাসার আলরিরাতে থাকা একটি ব্যাগের মধ্য থেকে  ৮ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট নগদ ২ লাখ ৪হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়। এসময় ওই এলাকার মাদক সম্রাট খ্যাত সাইফুল ইসলাম পায়েল (২৬) পালিয়ে যায়। তবে শারমিন আক্তার (৪৫), মেহেদী হাসান মুন্না (১৯) ও ইসরাত জাহান তিশা (২২) নামে তিনজনকে আটক করা হয়।

এ বিষয়ে মো. আব্দুল কাদের জানান, পিরোজপুর জেলা কার্যালয়ের একটি টিম চক্রটিকে কয়েকদিন ধরে মনিটরিং করে আসছিল। বুধবার অধিদপ্তরের একটি টিম মধ্য শিয়ালকাঠী সাইফুল ইসলাম পায়েল এর বাসায় অভিযান চালিয়ে সেখানে আলামতসহ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ডিএনসির এই কর্মকর্তা।