জনপ্রিয় কণ্ঠশিল্পী সায়েরা রেজা। গতকাল ১ ফেব্রুয়ারি ছিল তার জন্মদিন। এ বিশেষ দিনে সায়েরার আমন্ত্রণে রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় সন্ধ্যায় মিলিত হন তার প্রিয়জনরা। ছিলেন দেশের শীর্ষস্থানীয় বিনোদন সাংবাদিকরা। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে, কেক কেটে, উপস্থিত সবার সাথে গল্প-গান-আড্ডায় মুখরিত করে রেখেছিলেন শিল্পী সায়েরা রেজা।
সাংবাদিক দুলাল খানের সঞ্চালনায় আনন্দঘন এ অনুষ্ঠানের শুরুতে ২০২০ সালে ফোক গানে দেশসেরা শিল্পী হিসেবে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পাওয়া সায়েরা রেজার ওপর একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। সেখানে উঠে আসে শিল্পী সম্পর্কে অজানা অনেক তথ্য। এরপর সাংবাদিকদের সাথে আলাপচারিতায় জানা যায় শিল্পীর সাম্প্রতিক অর্জন এবং চলমান কাজসমূহ।
সায়েরা রেজার সংগীত ক্যারিয়ার ৩০ বছরের। এ দীর্ঘ সময়ে কণ্ঠবন্দি করেছেন অনেক জনপ্রিয় গান ও অ্যালবাম। বাপ্পা মজুমদারের সংগীতায়োজনে শিল্পীর ‘সুখের অমিল’ (২০০৮), আরফিন রুমির সংগীতায়োজনে ‘এক নিমেষে’ (২০১০) এবং লোকগান নিয়ে ‘আরবান ফোকস’ (২০১৬)- অ্যালবামগুলোর কথা নিশ্চয়ই মনে আছে অনেকের।
ধার ধারিনা, না না না তা হবে না, ওরে সোনা তুই আস্তে চল– এসব সুপারহিট গানের পাশাপাশি গায়িকা সায়েরার একটি ফোক গান ‘আসাম যাবো’ সম্প্রতি ভাইরাল হয়েছে। শুধু ইউটিউবে গানটির অডিও ভিউ ১০০ মিলিয়ন ছাড়িয়ে গেছে।
টলিউডের হার্টথ্রব নায়িকা শ্রাবন্তীকেও দেখা যায় এ গানটির সাথে টিকটক করতে। সুফী-ফোক গানে অসামান্য দখলের জন্য গত তিন মাসে তিনি তালুবন্দি করেছেন তিন তিনটি মর্যাদাপূর্ণ সম্মাননা। সেগুলো হলো- চ্যানেল আই ডিস্টিংগুইসড আর্টিস্ট অ্যাওয়ার্ড ২০২১, বাবিসাস অ্যাওয়ার্ড ২০১৯ এবং বাংলাদেশ এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২১। এছাড়া বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে অগ্রণী প্রতিষ্ঠান ‘ঐক্য ফাউন্ডেশন’ তাদের শুভেছাদূত হিসেবে নিযুক্ত করেছেন সায়েরাকে।
নিয়মিত টিভি লাইভ ও দেশের বিভিন্ন জেলায় কনসার্টের পাশাপাশি মৌলিক, ফোক ও প্লেব্যাক মিলিয়ে সম্প্রতি বেশকিছু নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। যাও পাখি বলো তারে, এক সমুদ্র ভালোবাসা ও চক্কর নামের তিনটি চলচ্চিত্রে এবং ডিজে রাহাত প্রযোজিত ‘শেকরের গান’- এ সাতটি গান করেছেন।
পাশাপাশি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘সায়েরা রেজা মিউজিক লাউঞ্জে’র জন্য ছয়টি মৌলিক ও তিনটি ম্যাশাপ সন করেছেন, যেগুলো মুক্তির অপেক্ষায়। ১০টি জনপ্রিয় লালন সাঁইজির গান নিয়ে ম্যাশাপ, আটটি বিয়ের গীত নিয়ে ম্যাশাপ এবং ১০টি সিনেমার গান নিয়ে ম্যাশাপগুলো অনন্য ও নান্দনিক হবে বলে জানান সায়েরা।
গান করার পাশাপাশি আগামী মাসে আমেরিকায় অনুষ্ঠিতব্য আরটিভির একটি রিয়েলিটি শো’তে বিচারকের আসনে দেখা যাবে এ সুফী-ফোক ডিভাকে।