জাবিতে বীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা ২৬ ফেব্রুয়ারি

মহান মুক্তিযুদ্ধের দুই নম্বর সেক্টরের ঢাকা পশ্চিমাঞ্চলের বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক মিলনমেলা অনুষ্ঠিত হবে।

বুধবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাবির কেন্দ্রীয় খেলার মাঠ পরিদর্শনে এসে মিলনমেলার আহ্বায়ক ও ধামরাই আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ এসব কথা বলেন।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের অভিপ্রায় অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি এ মিলনমেলা অনুষ্ঠিত হতে পারে। মিলনমেলায় ঢাকা সিটির লালবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, উত্তরা, মিরপুর, তেজগাঁও এবং মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ এলাকার বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করবেন।

এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, করোনা পরিস্থিতির উন্নতি ঘটলে ২৬ ফেব্রুয়ারি এ অনুষ্ঠান হতে পারে। এদিন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের মিলিয়ে প্রায় ৮ হাজার লোকের সমাবেশ ঘটতে পারে। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, সরকারি বিভিন্ন প্রশাসনের ব্যক্তিবর্গের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্র সংগঠনের সহযোগিতায় এ মিলন মেলা অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় খেলার মাঠ পরিদর্শনের পর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নূরুল আলম, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আলমগীর কবীর এবং বিভিন্ন বিভাগের শিক্ষকগণ।