বান্দরবানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন নৌকার ৩ প্রার্থী

বান্দরবান সদর উপজেলায় সপ্তম ধাপের তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিন জন চেয়ারম্যান হতে যাচ্ছেন। তিন জনই আওয়ামী লীগের প্রার্থী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমা সম্প্রদায়ের। আগামী ৭ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বান্দরবান সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার পরান্টু চাকমা জানান, বান্দরবান সদর ইউনিয়নে অংসাহ্লা মারমা, রাজবিলা ইউনিয়নে ক্যঅংপ্র‚ মারমা ও নবসৃষ্ট জামছড়ি ইউনিয়নে ক্যচিংশৈ মারমা ছাড়া অন্য সবাই মনোনয়নপত্র প্রত্যাহার করাতে তারা তিন জনেই বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন। এ ছাড়াও এই তিন ইউনিয়নে সংরক্ষিত নারী আসনে তিন জন ও সাধারণ পদে ১৩ জন বিনা ভোটে ইউনিয়ন পরিষদ সদস্য হতে যাচ্ছেন। এর মধ্যে নতুন নবসৃষ্ট জামছড়ি ইউনিয়নে ৯জন সাধারণ সদস্যের মধ্যে সাত জন এবং তিন জন সংরক্ষিত আসনের মধ্যে দুই জন বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন। এই ইউনিয়নে শুধু দুইটি ওয়ার্ডে ভোট হবে।