জাবিতে ২৬ ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে দুই নম্বর সেক্টরের ঢাকা পশ্চিমাঞ্চলের বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মিলনমেলা অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অভিপ্রায় অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি এ মিলনমেলা অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন আয়োজনের আহ্বায়ক ও ধামরাই আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ। 

বুধবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাবির কেন্দ্রীয় খেলার মাঠ সরেজমিনে পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন|

তিনি বলেন, মিলনমেলায় ঢাকা সিটির লালবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, উত্তরা, মিরপুর, তেজগাঁও এবং মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ এলাকার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যরা অংশগ্রহণ করবেন।

এ সময় পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, করোনা পরিস্থিতির উন্নতি ঘটলে ২৬ ফেব্রুয়ারি এ অনুষ্ঠান হতে পারে। এদিন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের মিলিয়ে প্রায় ৮ হাজার লোকের সমাবেশ ঘটতে পারে। পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী সব ধরনের ব্যবস্থা এখানে গ্রহণ করা হবে।

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, সরকারি বিভিন্ন প্রশাসনের ব্যক্তিবর্গের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্র সংগঠনের সহযোগিতায় এ মিলনমেলা অনুষ্ঠিত হবে।