বিনা মূল্যের বই ভাঙারি দোকানে বিক্রি করতে গিয়ে শিক্ষিকা আটক

রাজধানীর পল্লবীর ‘শিশু শিক্ষা প্রাথমিক বিদ্যালয়ের’ শিক্ষিকা কিসমত আরা পলি। শিক্ষার্থীদের দেওয়ার জন্য বিদ্যালয়ে আসা সরকারি বিনা মূল্যের বই নিয়ে যেতেন নিজের বাসায়। পরে পরিচিত ভাঙারি দোকানদারকে বাসায় ডেকে কেজিদরে বিক্রি করে দিতেন। এভাবে পাঁচ বার বিক্রির পর হাতেনাতে ধরা পড়েছেন তিনি। এলাকার লোক তাকে এবং ভাঙারি দোকানদারকে আটক করে বস্তাভর্তি বইসহ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

পল্লবী থানার এসআই শাহরিয়ার রোমান বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে একজন কলার বই বিক্রির কথাটি জানান। পরে ৯৯৯ থেকে বিষয়টি আমাদের জানানো হলে, তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থল পল্লবীর সি ব্লকের ২ নম্বর সড়কের একটি ভবনে যাই। এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি, বই বিক্রির সময় তারা ঐ শিক্ষিকা ও ভাঙারি দোকানিকে হাতেনাতে আটক করেছে। এরপর তাদের থানায় নিয়ে আসা হয়।

প্রাথমিকভাবে শিক্ষিকা পলি জানিয়েছেন, স্কুল থেকে তাদের নিয়মিত বেতন দেওয়া হয় না। পাশাপাশি স্কুলটির টিনের চাল দিয়ে পানি পড়ে বইগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। এজন্য তিনি নিজের বাসায় দুই বস্তা বই নিয়ে আসেন এবং ভাঙারি দোকানির কাছে কেজিদরে বিক্রি করছিলেন। এক প্রশ্নের জবাবে এসআই আরো বলেন, আটক ভাঙারি দোকানির দোকান মিরপুর ২ নম্বর সেকশন এলাকায়। আগেও ঐ দোকানির কাছে পাঁচ বার বই বিক্রি করেছেন বলে জানিয়েছেন ঐ শিক্ষিকা। দোকানিও আগে বই কেনার কথা স্বীকার করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।