মাদকদ্রব্যের মধ্যে কোকেন সবচেয়ে ভয়াবহ। এর সেবনে মৃত্যুঝুঁকি সবচেয়ে। এর উপর কোকেনে বিষাক্ত উপাদান থাকলে চরম ঝুঁকি সৃষ্টি হয়। এমনই এক ঘটনা ঘটলো আর্জেন্টিনায়। বিষাক্ত কোকেন সেবনে ১৬ জনের মৃত্যু দেশটিতে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভয়েস অব আমেরিকা।
প্রতিবেদনে বলা হয়, বিষাক্ত কোকেন সেবনে ১৬ জনের মৃত্যুর পাশাপাশি গুরুতর অসুস্থ অবস্থায় আরও ৫০ জন হাসপাতালে ভর্তি আছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
আর্জেন্টিনার নিরাপত্তাবিষয়ক মন্ত্রী সার্জিও বেরনির মুখপাত্র (২ ফেব্রুয়ারি) জানান, রাজধানী বুয়েন্স আয়ার্সে সবচেয়ে বেশি মানুষ ১২ জন মারা গেছেন এবং ৫০ জন হাসপাতালে রয়েছেন।
এদিকে, এমন ঘটনার পর অভিযান চালিয়েছে আর্জেন্টিনার নিরাপত্তা বাহিনী। সন্দেহভাজন মাদক ব্যবসায়ী কয়েকজনকে আটকও করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কোকেনের মতো দেখতে একধরনের পদার্থ এতে মেশানো হয়েছিল। দাম কমানোর জন্য মাদক ব্যবসায়ীরা এই ভেজাল মিশিয়ে দিয়েছিলেন।
বেরনি বলেন, ‘পরীক্ষাগারে ফলাফলের জন্য আমরা অপেক্ষা করছি। যাদের আটক করা হয়েছে, তাদের সম্পর্কে তদন্ত প্রতিবেদন আসার জন্য আমরা অপেক্ষা করছি।’