ত্রিশালে জাককানইবি সংলগ্ন সাদিয়া ছাত্রাবাসে আগুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন সাদিয়া ছাত্রাবাসে থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২ ফেব্রুয়ারি)  রাত সাড়ে দশটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাদিয়া ভিলার ৪টির বেশি কক্ষ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এক মাসের ব্যবধানে এ নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুটি ছাত্রাবাসে অগ্নিকান্ডেরঘটনা ঘটলো। 

মেস মালিক নাজমুল করীম সোহাগ বলেন, মেসের পাশেই আমি বসা ছিলাম। হঠাৎ চিৎকার শুনে বাইরে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসকে জানানোর কিছুক্ষণ পর তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুন লাগার খবর পেয়ে রাত ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন জাককানইবি উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রিয়াজ উদ্দিন জানান, সাদিয়া ভিলার ৪ কক্ষের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে।