ব্যাটে-বলে কুমিল্লার দাপুটে জয়

আজই (৩ ফেব্রুয়ারি) প্রথম এবারের বিপিএলে পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর তাতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৯ বল ও ৯ উইকেট হাতে রেখে উড়িয়ে দিয়েছে ইমরুল কায়েসের দল। ব্যাট হাতে দলকে সামনে থেকেও নেতৃত্ব দিয়েছেন এই ওপেনার।

বৃহস্পতিবার মিরপুরে টস জিতে প্রথমে ফিল্ডিং করে কুমিল্লা। বৃষ্টির কারণে খেলা দুই ওভার কমে আসে। ফলে ১৮ ওভারে চট্টগ্রামের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান। জবাবে মাত্র ১৬.৩ ওভারে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা।

BPL Cumilla Vs Chattrogram (1)

এদিন, লিটন দাসের সঙ্গে ওপেনিং করতে নামেন ইমরুল কায়েস। দুজনের জুটি থেকে এসেছে ১৩৮ রান। এর মধ্যে ইমরুল করেন ৬২ বলে সর্বোচ্চ ৮১ রান। তার এ ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ৬টি চারের মার। অন্যদিকে লিটন করেছেন ৩৭ বলে ৫৩ রান। তবে শেষ পর্যন্ত থাকতে পারেননি তিনি। মৃত্যুঞ্জয় চৌধুরীর বলে আকবর আলির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। এতে অবশ্য দুইবারের চ্যাম্পিয়নদের কোনো ক্ষতি হয়নি। ওয়ানডাউনে ফাফ ডু প্লেসিস নামলেও এই প্রোটিয়াকে কোনো বল খেলতে হয়নি। অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ইমরুল। কুমিল্লার সংগ্রহ দাঁড়ায় ১ উইকেট হারিয়ে ১৪৮ রান।

এর আগে দলটির বোলারদের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে মাত্র ২৭ রান খরচায় উইকেটগুলো নেন তিনি। এটি বিপিএলে তার প্রথম পাঁচ উইকেট শিকার এবং টি-টোয়েন্টিতে তৃতীয়। এবারের বিপিএলেও কোনো বোলারের এটাই প্রথম পাঁচ উইকেট পাওয়া। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন নাহিদুল ইসলাম ও তানভীর ইসলাম।

আজ কুমিল্লার হয়ে প্রথমবারের মতো খেলতে নামেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলি ও ক্যারিবীয় স্পিনার সুনীল নারিন। তবে এই ম্যাচে তারা তেমন কোনো অবদান রাখতে পারেননি। ম্যাচ জয়ের নায়ক দেশের ক্রিকেটাররাই।