শেষ পর্যন্ত বিএনপির জাহিদও সংসদে

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসন থেকে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচিত জাহিদুর রহমান সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গতকাল বৃহস্পতিবার  বেলা ১২টার দিকে সংসদ ভবনে তার কার্যালয়ে জাহিদকে শপথ পাঠ করান।

শপথগ্রহণ ও আনুষ্ঠানিকতা শেষে জাহিদুর রহমান সাংবাদিকদের বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিয়েছি। দল আমাকে বহিষ্কার করতে পারে জেনেও শপথ নিয়েছি। দল বহিষ্কার করলেও আমি দলে        আছি। সংসদে আমি আমার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ভূমিকা রাখব। নির্বাচনের সময় আমার এলাকায় হাজার হাজার নেতাকর্মীকে গায়েবি মামলায় গ্রেফতার করা হয়েছে। সংসদে প্রধানমন্ত্রীর কাছে এটাও বলব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মহাসচিব ছাড়া দলের বাকি সদস্যরাও শপথ নিতে পারেন। তারাও এলে একসঙ্গে সংসদে যোগ দেব।

দলের সিদ্ধান্ত না মানার ব্যাখ্যায় তিনি বলেন, সংসদ সদস্য হিসেবে তাকে নির্বাচিত করেছে এলাকার জনগণ। তাদের প্রত্যাশা পূরণ করতেই তিনি শপথ নিয়েছেন। তিনি বলেন, আমি দীর্ঘদিন অপেক্ষা করলাম। যেহেতু সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, এলাকার মানুষের প্রচণ্ড চাপ ছিল। ঢাকায় পনের দিন ধরে আছি, এলাকার মানুষের একটাই বক্তব্য— শপথ নিয়ে ফিরে আসেন।

জাহিদ বলেন, আমি এবার নিয়ে চতুর্থবার নির্বাচন করলাম। এ আসনটি আমাদের বিএনপির ছিল না। স্বাধীনতার পর থেকে এ আসনটি আওয়ামী লীগের। এই প্রথম বিএনপি বিজয়ী হতে সক্ষম হয়েছে। শপথের বিষয়ে দলের কোনো পর্যায়ে কথা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, না, আগে বলেছি। দেখাও করেছি। কোনোপ্রকার সম্মতি দেয়নি। দল শপথ নেবে না— এখন পর্যন্ত সেই সিদ্ধান্তই ফাইনাল।

দল বহিষ্কার করলে কী করবেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার বিষয়ে দল যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। দল যদি মনে করে বহিষ্কার করবে— করতেই পারে। আমি এই দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী। সেই ছাত্রজীবন থেকে দীর্ঘ ৩৮ বছর এই দলের সঙ্গে সম্পৃক্ত। কাজেই বিএনপি আমাকে বহিষ্কার করলেও আমি তো বিএনপি থেকে বহিষ্কার হব না। আমি আছি। জাহিদ আরো বলেন, আমার নেত্রী একজন বয়স্ক মহিলা, ৭৩ বছর বয়স। উনাকে যেন গণতন্ত্রের স্বার্থে মুক্ত করে দেওয়া হয়, সংসদে এই আহ্বান জানাব। এটাই সংসদ সদস্য হিসেবে আমার প্রথম অঙ্গীকার। সংসদ সচিবালয় জানিয়েছে, একাদশ সংসদ নির্বাচনে জয়ী ৩০০ প্রার্থীর মধ্যে জাহিদকে নিয়ে মোট ২৯৫ জন এ পর্যন্ত শপথ নিয়েছেন। বিএনপি থেকে নির্বাচিত আরো পাঁচজন এখনও শপথ নেওয়ার বাকি।