চট্টগ্রামে করোনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৫৩৯ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। এ সময়ে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি।
চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি, নগরীর আট ল্যাব ও এন্টিজেন টেস্টে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের ৩ হাজার ১৯০ জনের নমুনা পরীক্ষায় নতুন ৫৩৯ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের ৩৪৪ ও ১৪ উপজেলার ১৯৫ জন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লক্ষ ২২ হাজার ১১১ জন। এর মধ্যে শহরের ৮৮ হাজার ৯৪৫ ও গ্রামের ৩৩ হাজার ১৬৬ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ মিরসরাইয়ে ৩১, ফটিকছড়িতে ২৯, হাটহাজারীতে ২১, সাতকানিয়ায় ১৯, রাউজানে ১৭, বোয়ালখালীতে ১৪, পটিয়ায় ১১, সীতাকুণ্ডে ৯, রাঙ্গুনিয়া, বাঁশখালী, চন্দনাইশ ও আনোয়ারায় ৮ জন করে, লোহাগাড়ায় ৭ জন ও সন্দ্বীপে ৫ জন। গতকাল শহর ও গ্রামে করোনায় কারো মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা ১ হাজার ৩৫৯ জন রয়েছে। এতে শহরের ৭৩৪ ও গ্রামের ৬২৫ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে গতকাল ৫৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখানে শহরের ১৩৭ ও গ্রামের ৩৮ জন জীবাণুবাহক পাওয়া যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৩টি নমুনা পরীক্ষায় শহর ও গ্রামের ৫টি করে সংক্রমিত চিহ্নিত হয়। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৫৫ জনের নমুনার মধ্যে শহরের ৫১ ও গ্রামের ৩৮ জনের দেহে জীবাণুর অস্তিত্ব ধরা পড়ে। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ২৪২ জনের এন্টিজেন টেস্ট করা হলে গ্রামের ৩১ জন আক্রান্ত বলে জানানো হয়। বাসস