‘নিরাপত্তা নিশ্চয়তা’ নিয়ে পুতিন-ম্যাক্রোঁর আলোচনা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইউক্রেন উত্তেজনা এবং নিরাপত্তা নিশ্চয়তা বিষয়ে মস্কোর দাবি নিয়ে আলোচনা করেছেন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুই নেতার ফোনালাপ হয়েছে জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, এ নিয়ে এক সপ্তাহের মধ্যে তিন বার তারা বিষয়টি নিয়ে টেলিফোনে কথা বললেন।

মস্কো জানায়, এ দুই নেতা ‘সার্বিক ইউক্রেন পরিস্থিতি’ এবং ‘দীর্ঘ-মেয়াদি’ নিরাপত্তা নিশ্চয়তা বিষয়ে রাশিয়ার দাবি নিয়ে আলোচনা করেন। এ সময় পুতিন ‘কিয়েভ নেতৃত্বের উস্কানিমূলক বিভিন্ন বিবৃতি ও পদক্ষেপের ব্যাপারে আবারো মনোযোগ আকর্ষণ করেন।’

ইউক্রেন সীমান্তের কাছে লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া এমন অভিযোগ করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। এর জবাবে ইউরোপে অতিরিক্ত সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন এই সিধান্তের নিন্দা জানিয়েছে রাশিয়া।

মস্কো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই সিধান্ত ধ্বংসাত্মক পদক্ষেপ। এতে উত্তেজনা আরও বাড়িয়েছে ও এটি রাজনৈতিক সমাধানের সুযোগ কমিয়েছে। 

পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর ক্যারোলিনা থেকে পোল্যান্ড ও জার্মানিতে দুই হাজার সেনা পাঠানো হবে। এছাড়া আরও এক হাজার সেনা জার্মানি থেকে রোমানিয়ায় যাবে। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই সিদ্ধান্তের জবাবে রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী অ্যালেকজান্ডার গ্রুস্কো বুধবার বলেন, এটি ধ্বংসাত্মক ও অন্যায় পদক্ষেপ।

তিনি আরও বলেছেন, এই সিধান্ত ইউক্রেন কর্তৃপক্ষকে পুলকিত করবে। 

এদিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের শঙ্কার জবাবে পূর্ব ইউরোপে হাজার হাজার সেনা, যুদ্ধবিমান ও যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে ন্যাটো ভুক্ত দেশ গুলো। 

তবে ইউক্রেনে কোনো হামলার পরিকল্পনা নেই বলে বারবার জানিয়েছে রাশিয়া।