ইউক্রেন সীমান্তের কাছে লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। দেশটি যেকোনো মুহুর্তে ইউক্রেনে হামলা চালাতে পারে বলে পশ্চিমাদের ধারণা। এর মধ্যে নতুন শঙ্কার কথা জানালো যুক্তরাষ্ট্র। দেশটির আশঙ্কা, মিথ্যা গল্পের অজুহাত দেখিয়ে ইউক্রেনে রাশিয়া হামলা চালাবে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ‘রাশিয়ানরা সম্ভবত আক্রমণের জন্য একটি অজুহাত তৈরি করতে চায় আমাদের কাছে এমন তথ্য আছে।’
সাংবাদিকদের তিনি বলেন, ইউক্রেনে হামলার অজুহাত হিসেবে মস্কো দাবি করতে পারে যে ইউক্রেনের সামরিক বাহিনী রুশসমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের ওপর কিংবা খোদ রাশিয়ার ওপর হামলা চালিয়েছে। আর মূলত মিথ্যা এই অজুহাত সামনে এনেই পূর্ব ইউরোপের এই দেশে হামলার পরিকল্পনা করছে রাশিয়া।
তবে রাশিয়া বার বার জানিয়েছে ইউক্রেনে তাদের হামলার কোনো পরিকল্পনা নেই।