ভারতের পেট্রাপোল বন্দরে অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাতে ল্যান্ড পোর্ট ইন্ডিয়ার (এলপিআই) বেঁধে দেওয়া ৩০ দিনের শর্ত মেনে সংগঠনগুলো তাদের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে।
আগামীকাল শনিবার (৫ ফেব্রুয়ারি) থেকে দু’দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে। গত চার দিন ধরে কয়েক দফায় কলকাতার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ সমস্যার সমাধান হয়।
পেট্রাপোল বন্দরের এলপিআই (ল্যান্ড পোর্ট ইন্ডিয়া) ম্যানেজার কর্তৃক নানা ধরনের হয়রানির প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয় পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন, যাত্রীবাহী পরিবহন সমিতিসহ বন্দর ব্যবহারকারী সংগঠন।
পেট্রাপোল বন্দরের স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র এক বার্তায় বেনাপোল বন্দরের সি এন্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমানকে জানান তাদের ধর্মঘট প্রত্যাহার হয়েছে। আগামীকাল শনিবার থেকে দু’দেশের মধ্যে আমদানি রপ্তানি-বাণিজ্য যথা নিয়মে চলবে। বিষয়টি বেনাপোল বন্দর ও কাস্টম কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
বেনাপোল বন্দরের ডেপুটি পরিচালক মামুন তরফদার বলেন, ‘ভারতের পেট্রপোল বন্দরে ধর্মঘটের কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। বৃহস্পতিবার রাতে ধর্মঘট প্রত্যাহার হয়েছে। শুক্রবার সরকারি ছুটি থাকায় শনিবার সকাল থেকে দু’দেশের মধ্যে স্বাভাবিক গতিতে আমদানি-রফতানি বাণিজ্য চলবে।’