রেজিস্টার্ড চিকিত্সকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি নয়। প্রেসক্রিপশন ছাড়া যথেচ্ছভাবে অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে আদালত। আদেশপ্রাপ্তির দুই দিনের মধ্যে এ সংক্রান্ত সার্কুলার জারি করতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, সকল জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন।
এছাড়া যথাযথ তত্ত্বাবধান ও রেজিস্টার্ড চিকিত্সকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদেশের পর রিটকারী আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, এই আদেশের পর প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি এ দেশে হওয়ার সুযোগ নেই।
চিকিত্সকের ব্যবস্থাপত্র ছাড়া যথেচ্ছভাবে অ্যান্টিবায়োটিক বিক্রি ও ব্যবহার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। ওই রিটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা প্রতিবেদন তুলে ধরা বলা হয়, অতিমাত্রায় অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে সামান্য জীবাণু সংক্রমণও এখন ব্যবহারকারীর জীবনের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। অতিমাত্রায় এর ব্যবহারের কারণে প্রতিবছর বিশ্বে সাত লাখ মানুষের মৃত্যু হয়। ২০৫০ সাল নাগাদ এ সংখ্যা গিয়ে দাঁড়াতে পারে এক কোটিতে।