গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার, লঙ্কার প্রতিরক্ষা প্রধানের পদত্যাগ

শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনায় ‘বড়সড় গোয়েন্দা ব্যর্থতার’ কথা স্বীকার করেছে দেশটির সরকার।  চলতি মাসের শুরুর দিকে সম্ভাব্য হামলার ব্যাপারে ভারতীয় গোয়েন্দারা শ্রীলঙ্কান গোয়েন্দাদের সতর্ক করেছিল। কিন্তু তারপরও কর্তৃপক্ষ সে তথ্য যথাযথভাবে সবাইকে জানানো ও সাবধানতা অবলম্বনে ব্যর্থ হয়েছে বলে শ্রীলঙ্কার পার্লামেন্টে জানানো হয়। এমনকি সন্দেহভাজন কয়েকজন জঙ্গিকে আটক করার পরেও ছেড়ে দিয়েছিল পুলিশ। ছাড়া পাওয়া এসব জঙ্গিদের কারো কারো সাথে চলতি সপ্তাহে হামলার যোগসূত্রও পাওয়া গেছে। এদিকে, হামলা ঠেকাতে নিজের ব্যর্থতার কথা স্বীকার করে পদত্যাগ করেছেন দেশটির প্রতিরক্ষা প্রধান। তিনি বলেছেন, এই হামলায় তার ব্যক্তিগত দায় নেই। কিন্তু যেহেতু তিনি গুরুত্বপূর্ণ পদে আসীন থাকা অবস্থায় হামলা হয়েছে তাই নৈতিক অবস্থান থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

গোয়েন্দা ব্যর্থতা প্রসঙ্গে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান জয়াবর্ধনে বলেন, ‘যদি গোয়েন্দাদের কাছে থাকা তথ্য যথাসময়ে যথাযথ লোকজনের কাছে থাকত, তাহলে হয়তো ওই হামলা এড়ানো বা অন্তত ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যেত।’ পার্লামেন্টের নেতা লক্ষ্মণ কিরিয়েলা বলেন, জ্যেষ্ঠ কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে সম্ভাব্য হামলার তথ্য কাউকে জানাননি। -বিবিসি, সিএনএন