স্ত্রীকে অফিসে পৌঁছে দিতে যাওয়ার পথে লেগুনার ধাক্কায় মিজানুর রহমান (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী আয়েশা বেগম (৪০)।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহীর বানেশ্বর কলাহাটার সামনে এ ঘটনা ঘটে। মিজানুর রহমান চারঘাট উপজেলার হলিদাগাছী এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। পবা হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মোফাখ্খারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আয়েশা দুর্গাপুর পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত ছিলেন। শনিবার সকালে স্বামীর মোটরসাইকেলে বাড়ি থেকে দুর্গাপুর যাচ্ছিলেন। বানেশ্বর কলাহাটার সামনে পৌঁছালে মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি লেগুনা ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল পড়ে তারা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী হাসপাতালে ভর্তি আছেন।