নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নে বালু বোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে রবিউল ইসলাম (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পুটিমারী ইউনিয়নের সালামের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় গাড়ির চালকসহ ২ জন গুরুত্বর আহত হয়েছে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। আহতদের একজন গাড়ির চালক কবির হোসেন অপর একজনের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের আমিনুল ইসলামের দুই ছেলে রবিউল ইসলাম এবং কবির হোসেন মাহিন্দ্র ট্রাক্টরে করে বালু নিয়ে শনিবার বিকেল সারে ৩ টার সময় কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের সালামের মোড়ে যায়, সেখানে বালু আনলোড করার সময় ট্রাক্টরের জগ ছিঁড়ে যায়। এসময় বালুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলে রবিউল ইসলাম মারা যায়।
কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, বালুবোঝাই একটি ট্রাক্টরের বালু আনলোড করার সময় বালুর নিচে চাপা পড়ে রবিউল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে।