সদ্য অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী জায়েদ খানের প্রার্থিতা বাতিল করেছে আপিল বোর্ড।
সাধারণ সম্পাদক পদে জয়ী জায়েদ খান ও কার্যকরী সদস্য চুন্নুর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এফডিসিতে বৈঠকে বসে আপিল বোর্ড। বৈঠক শেষে আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান তাদের পদ বাতিল ঘোষণা করেন।
এদিকে প্রার্থিতা বাতিলের প্রতিক্রিয়ায় জায়েদ খান বলেছেন, আপিল বোর্ডের কোনো ভ্যালু নেই। তারা এ রকম কোনো সিদ্ধান্ত দিতে পারে না৷
তিনি বলেন, এটা (প্রার্থিতা বাতিলের ঘোষণা) আইন বহির্ভূত, পৃথিবীতে এটা নজিরবিহীন ঘটনা। আমি তাদের বিরুদ্ধে মামলা করবো।
উল্লেখ্য, নির্বাচনের সময় ‘ভোট কেনার’অভিযোগ তুলে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের আবেদন করেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ। এমনকি এই পদে পুনরায় ভোটের দাবিও তোলেন তিনি। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে জায়েদ খানের পদ বা প্রার্থিতা বাতিল হবে কী না- সে বিষয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার বিকেলে এফডিসিতে বসেন শিল্পী সমিতির আপিল বোর্ড।