বিশিষ্ট কলামিস্ট ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, পীর হাবিবুর রহমানের মৃত্যুতে দেশের গণমাধ্যম জগতের যে ক্ষতি হলো তা কখনো পূরণ হবার নয়। দেশে সাংবাদিকতার উন্নয়ন ও বিকাশে পীর হাবিবুর রহমান যে ভূমিকা রেখেছেন সংবাদকর্মীগন তা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
আইসিটি প্রতিমন্ত্রী বার্তায় মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিক পীর হাবিবুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। পীর হাবিবুর রহমানের ছেলে আহনাফ ফাহিম অন্তর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।