‘সিনেমাটি দর্শকদের উদ্দেশ্য পূরণ করবে’ 

এরইমধ্যে খুবই ভালো ভালো সিনেমা মুক্তি পেয়েছে। তবে করোনার কারণে দর্শকরা হলবিমুখ থাকায় বলা চলে সীমিত দর্শক নিয়ে শো চলছে। দর্শকরা আসলে কী চাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। 

নিজের অভিনয় মুন্সিয়ানায় প্রযোজক, নির্মাতা ও দর্শকদের কাছে ভরসার জায়গা তৈরি করেছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। বাণিজ্যিক ধারার সিনেমাতেও গড়েছেন নিজের শক্ত আসন। চলতি বছর মুক্তি পাচ্ছে তার একাধিক সিনেমা। নতুন সিনেমা, অভিনয় ভাবনাসহ ইন্ডাস্ট্রি প্রসঙ্গে তিনি কথা বললেন ইত্তেফাকের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন এ এম রুবেল

দীর্ঘদিন পর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ দিয়ে হলে ফিরছেন। সিনেমাটির গল্প ও বাপ্পীর ভূমিকা নিয়ে জানতে চাই—

রোমান্টিক কমেডি ঘরানার এই সিনেমাটির মাধ্যমে দর্শকরা একটি নিজের গল্প দেখতে পাবে। সিনেমাটি কোনো প্রেক্ষাপট নিয়ে বা কোনো রাজনৈতিক, প্রশাসনিক উদ্দেশ্য পূরণে নির্মিত হয়নি। সিনেমাটি দর্শকদের উদ্দেশ্য পূরণ করবে। পুরোই বিনোদন নির্ভর সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’। এখানে আমি শ্বশুরকে পরাজিত করে নিজের বউকে ঘরে তুলবো। যদিও বাস্তবে অন্যের বউ ঘরে তোলার ইচ্ছে নেই (হা...হা...হা)।

নতুন সিনেমাটি শ্বশুরবাড়ি জিন্দাবাদ-এর সিক্যুয়েল কি-না?

না না, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ সম্পূর্ণ মৌলিক এবং আলাদা গল্পে নির্মিত হয়েছে। শ্বশুরবাড়ির গল্প হলেও অন্য একটি বাড়ির গল্প দেখা যাবে সিনেমাটিতে।

অপু বিশ্বাস ও দেবাশীষ বিশ্বাসের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?

দেবাশীষ দা অনেক গুছিয়ে সুন্দরভাবে সিনেমাটি নির্মাণ করেছেন। তার কাজ বরাবরই প্রশংসিত। আর অপু বিশ্বাস আমার অনেক সিনিয়র অভিনেত্রী হলেও তার সঙ্গে কাজ করতে গিয়ে মনেই হয়নি তিনি আমার সিনিয়র। অনেক বেশি মিশুক আর সহযোগিতা পরায়ণ তিনি। খুব মজা করে কাজটি করেছি আমরা।

বাপ্পী-অপু জুটি দর্শকদের মাঝে কতটা সাড়া ফেলবে আশা করছেন?

অনেকদিন পর একটি নতুন একটি জুটি বাণিজ্যিকভাবে পর্দায় আসছে। জানি না দর্শকরা কতটা ভালোবেসে গ্রহণ করবেন। তবে এ কথা বলতে পারি দারুণ একটি গল্পে নতুন কিছু দেখতে পাবেন তারা।

ইউটিউব ভিউয়ে শাকিব-বাপ্পী শীর্ষে। সিনেমাহলেও সেই প্রভাব লক্ষ্য করা যায়। সেই জায়গা থেকে হলবিমুখ দর্শকদের কতটা হলমুখী করতে পারবেন মনে করছেন?

দেখুন, এরইমধ্যে কিন্তু খুবই ভালো ভালো সিনেমা মুক্তি পেয়েছে। কিন্তু করোনাসহ নানা কারণে দর্শকরা হলবিমুখ থাকায় বলা চলে সীমিত দর্শক নিয়ে শো চলছে। দর্শকরা আসলে কী চাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। সেই জায়গা আদৌ কতটা দর্শক টানবে সিনেমাটি এটা এখনই বলা মুশকিল। তবে যেহেতু ইউটিউবে কিন্তু আমার এবং শাকিব ভাইয়ের ভিউই বেশি। তাই আশা করছি, আমার দর্শকরা অবশ্যই হলে আসবেন।

বাপ্পী চৌধুরী

এর বাইরে কোন কাজগুলো করছেন?

এ বছর আমার ‘জয় বাংলা’ ও ‘৫৭০’ সিনেমা দুটি মুক্তি পাবে। এছাড়া বর্তমানে আরো বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ততা চলছে।

শিল্পী সমিতির নির্বাচন শেষ হলে কাঁদা ছোঁড়াছুড়ি এখনো চলছে। বিষয়টি নিয়ে কী মন্তব্য করবেন?

দেখুন, আমি চাই সুষ্ঠুভাবে সব কিছুর সমাধান হয়ে একটি সুন্দর কমিটি গঠন হোক। যারা আমাদের নিয়ে কাজ করতে পারেন।

অ্যাকশন ঘরানার বাইরে গিয়ে নির্মাণ বেশি হওয়ার কারণ কী বলে মনে করছেন?

সিনেমা নানা সময়ই আপডেট হয়। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই সিনেমা নির্মিত হয়। তাছাড়া দর্শকও এখন আপডেট হয়েছে। তারা চাইলেই যেকোনো দেশের কাজ মোবাইল বা টিভিতে দেখতে পায়। সেই জায়গায় সবার সঙ্গে তাল মিলিয়ে আমাদের ইন্ডাস্ট্রিও এগিয়ে যাচ্ছে।

ওটিটিতে বাপ্পীকে কবে দেখবে দর্শকরা?

ভালো গল্প-চরিত্র নিয়ে কোনো প্রস্তাব এলে বাপ্পীকেও দর্শকরা এই মাধ্যমে দেখতে পাবেন।