চিলমারীতে কনকনে শীত আর হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত

কুড়িগ্রামের চিলমারীতে কনকনে শীত আর হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত শুক্রবার সারাদিন মুষলধারে বৃষ্টি হওয়ায় শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। এতে জীবন যাত্রা দুর্বিষহ হয়ে পড়ে।  

শনিবার ও রবিবার সূর্যের দেখা মেলেনি এ এলাকায়। জরুরী প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাইরে বের হচ্ছে না। শীতজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও  বৃদ্ধরা। স্বাস্থ্য কমপ্লেক্সে শীত জনিত সর্দি, কাশি,জ্বর ও কোল্ড ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এদিকে গবাদি পশু শীত জনিত  রোগে আক্রান্ত হয়ে  মারা যাচ্ছে। 

শীতের তীব্রতা এতটাই বেশি যে, শ্রমজীবী মানুষেরা কাজে যেতে না পেরে পরিবার পরিজন নিয়ে অতি কষ্টে দিনাতিপাত করছে।  দিনমজুর মো. আক্তার আলী জানান, সোয়েটার পড়ে  বাড়ির বাইরে বের হয়েছি। সোয়েটার ভেদ করে কনকনে শীত প্রবেশ করে শরীর শিহরে উঠছে এবং হাত- পা ঠাণ্ডা হয়ে আসছে। কাজে যেতে না পেরে আবার বাড়িতে ফিরে আসি। 

উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান জানান শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় গত শনিবার দুস্থ অসহায় মানুষের মাঝে ৬শত কম্বল বিতরণ করা হয়েছে।