বগুড়ার নন্দীগ্রামে মাঘের বৃষ্টিতে আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে পানির নিচে তলিয়ে গেছে আলু চাষিদের স্বপ্ন।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত থেকে বৃষ্টি শুরু হয়ে তা থেমে থেমে চলে সারাদিন। এতে আলুর ক্ষেত তলিয়ে গেছে। তিন থেকে চার দিন জমিতে পানি থাকলে ক্ষতির মুখে পড়বেন আলু চাষিরা।
উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর গ্রামের মাসুদ রানা জানান, হঠাৎ বৃষ্টিতে আলুর জমিতে পানি জমেছে। জমে থাকা পানি নিষ্কাশন করা হচ্ছে। পুনরায় বৃষ্টি হলে ব্যাপক ক্ষতি হবে। টানা কয়েকদিন রোদ হলে আলু কিছুটা রক্ষা পেতে পারে।
নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মো. আদনান বাবু জানান, উপজেলায় ৩ হাজার ৩২০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। যার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ২ হাজার মেট্রিকটন। হঠাৎ বৃষ্টির কারণে আলুর জমিতে পানি জমে গেছে। জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন করতে হবে।