গানের জন্য তিনি, তার জন্য গান। লতা মঙ্গেশকর চলে যাওয়ার পরে যেন আরো বেশি জীবন্ত তিনি। গান তাকে বিশ্বজনীন করে তুললেও ব্যক্তিগত সম্পর্ক, বিশেষত প্রেমের জীবনে দেখা গেছে তিনি কখনো সঙ্গীর সঙ্গে, কখনো বা সঙ্গীহীন। কোনো দিন বিয়ে করেননি সুরসম্রাজ্ঞী। শুধুই কি গানের জন্য দাম্পত্যকে জীবনে আনলেন না এই গায়িকা?
আনন্দবাজার পত্রিকার এক খবরে বলা হয়েছে, শোনা যায়, লতা মঙ্গেশকর এক সময়ে প্রেমে পড়েছিলেন। কিন্তু তার সেই ভালোবাসা পূর্ণতা পায়নি। প্রেমের ব্যর্থতাই কি তবে আরো বেশি করে সংগীতকে আঁকড়ে ধরতে সাহাঘ্য করেছে তাকে?
শোনা যায়, দুঙ্গারপুরের রাজ ঘরানার মহারাজ রাজ সিংহের প্রেমে পড়েছিলেন লতা। লতার ভাইয়ের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই বিসিসিআইয়ের সাবেক সভাপতি রাজ সিংহ দুঙ্গারপুরের সঙ্গে লতার পরিচয়। তার টানেই ভালোবাসতে শেখা ক্রিকেটকেও।
লতার গানে মুগ্ধ ছিলেন রাজ সিংহ। কিন্তু সেই প্রেম গভীর বন্ধনে পৌঁছায়নি। রাজ সিংহ নাকি বাবা-মাকে প্রতিজ্ঞা করেছিলেন যে, কোনো সাধারণ পরিবারের মেয়েকে তিনি রাজবংশের বউ করে আনবেন না। সেই প্রতিজ্ঞা রেখেছিলেন রাজ সিংহ। তিনিও আর বিয়ে করেননি।
লতার চেয়ে ছয় বছরের বড় রাজ সিংহ আদর করে তাকে ‘মিট্টু’ বলে ডাকতেন। তার পকেটে সব সময়ে থাকত একটি রেকর্ডার। তাতে রেকর্ড করা থাকত লতা মঙ্গেশকরের জনপ্রিয় কিছু গান। ২০০৯ সালে মারা যান লতার জীবনের অন্যতম কাছের মানুষ, রাজ সিংহ দুঙ্গারপুর।