ই-কমার্স প্রতিষ্ঠানের নিবন্ধন শুরু

এখন থেকে ই-কমার্স খাতে ব্যবসা পরিচালনার জন্য ডিজিটাল বিজনেস আইডেনটিফিকেশন নম্বর (ডিবিআইডি) লাগবে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর এ ডিবিআইডি নম্বর প্রদান করবে।

রবিবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিবন্ধন নেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, দেশে ই-কমার্স খাতকে সুশৃঙ্খল এবং জবাবদিহিতার আওতায় নিয়ে আসার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে ই-কমার্সে প্রতারণা অনেকাংশেই কমে আসবে।

ই-কমার্সে যে সকল গ্রাহক প্রতারিত হয়েছেন, তাদের সমস্যা সমাধানে সরকার প্রচেষ্টা চালাচ্ছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, যে সকল গ্রাহকের টাকা বাংলাদেশ ব্যাংকে জমা আছে, আইনি কোনো জটিলতা নেই। তাদের টাকা ফেরত দেওয়ার কাজ চলছে। পর্যায়ক্রমে এ সকল টাকা ফেরত দেওয়া হবে।

নিবন্ধন নেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, দেশের মানুষ যাতে ডিজিটাল প্রতারণার শিকার না হন সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ই-কমার্স খাতে যে সকল সমস্যা বা প্রতারণার সুযোগ রয়েছে, সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ই-কমার্স ব্যবসা পরিচালনার জন্য ডিজিটাল বিজনেস আইডি প্রদান শুরু করা হলো। এ আইডি গ্রহণ করলে প্রতারণার সুযোগ থাকবে না।

তিনি বলেন, প্রতারিত যে কোনো গ্রাহক অভিযোগ করলে তার প্রতিকার পাবার জন্য একটি প্ল্যাটফরর্ম তৈরি করা হচ্ছে। এ সকল কাজ সম্পন্ন হলে এ খাতের ব্যবসা নিরাপদ হবে।

গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে ১১টি প্রতিষ্ঠানকে আইডি প্রদান করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো-চালডাল ডটকম, ডায়বেটিস স্টোর, রকমারি ডটকম, আজকের ডিল, সাজগোজ লি., যাচাই ডট কম, তৃনাস ক্লোসেট, নওরীনস মীরর, আখিস কালেকশন (ফেসবুক শপ), নিথান (ফেসবুক শপ ও আনন্দমেলা মার্চেন্টস), মম ফানুস (ফেসবুক শপ ও আনন্দমেলা মার্চেন্ট)।