নবীগঞ্জ উপজেলায় গৃহবধূ রাজনা বেগম রাজনা হত্যা মামলার তিন আসামিকে গত বৃহস্পতিবার র্যাবের সহযোগিতায় গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো—নবীগঞ্জ সদর ইউনিয়নের বড় আলীপুর গ্রামের সবুজ মিয়ার ছেলে ও নিহত রাজনার স্বামী জাকারিয়া মিয়া (২৫) এবং তার ভাড়া নেওয়া বাসার মালিক সফিক মিয়া চৌধুরী (৫৬) ও তার ছেলে আকরাম চৌধুরী মাসুম (২১)।
পুলিশের জিজ্ঞাসাবাদে জাকারিয়া মিয়া স্ত্রী রাজনাকে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছে। বলেছে, যৌতুকবাবদ সিএনজি অটোরিকশা কেনার জন্য রাজনা ও তার পরিবারের কাছে টাকা চাইলে তারা না দেওয়ায় স্ত্রীকে সে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করেছে। শনিবার রাতে নবীগঞ্জ থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ আবুল খয়ের। এ সময় নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ, ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম, ওসি (অপারেশন) আ. কাইয়ুম, সেকেন্ড অফিসার সমিরণ দাশ এবং নবীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রাকিল হোসেনসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সহকারী পুলিশ সুপার আবুল খয়ের জানান, জাকারিয়া পেশায় একজন সিএনজিচালক। রাজনা বেগমের সঙ্গে তিন বছরের প্রেমের সম্পর্কের পর গত বছর পারিবারিক সম্মতিতে তাদের বিয়ে হয়। আসামি জাকারিয়া মিয়ার স্বীকারোক্তি থেকে জানা যায়, বিয়ের পর থেকে সে সিএনজি কেনার কথা বলে যৌতুকের টাকার জন্য রাজনা এবং তার পরিবারকে বিভিন্নভাবে চাপ দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় ৩১ জানুয়ারি বিকালে যৌতুকের টাকার জন্য প্রথমে জাকারিয়া তার স্ত্রী রাজনা বেগমের হাত-পা ওড়না দিয়ে বেঁধে ফেলে। ভয়-ভীতি দেখায় এবং শারীরিকভাবে নির্যাতন করে। পরবর্তী সময়ে জাকারিয়া তার শ্বশুর বাড়িতে ফোন দিয়ে টাকা দাবি করে এবং সিএনজি অটোরিকশা কেনা বাবদ টাকা না দিলে রাজনাকে মেরে ফেলার হুমকি দেয়। শ্বশুর বাড়ির লোকজন টাকা দিতে রাজি না হওয়ায় হাত-পা বাঁধা অবস্থায় সে তার স্ত্রীর মুখ ওড়না দিয়ে বেঁধে ফেলে যাতে চিৎকার করতে না পারে। পরে রান্নাঘরের ধারালো বঁটি-দা দিয়ে স্ত্রীর গলা কেটে হত্যা করে ঘরের বাইরে থেকে তালা দিয়ে চলে যায়। ১ ফেব্রুয়ারি মধ্যরাতের দিকে বাসযোগে রওনা হয়ে ঢাকায় চলে যায় জাকারিয়া। ঢাকায় নিরাপদ আশ্রয় না পেয়ে সে তার এক সময়কার কর্মস্থল মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার লতব্দী এলাকার ইটভাটায় আত্মগোপন। অতঃপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে লতব্দী এলাকা থেকে জাকারিয়াকে গ্রেফতার করে পুলিশ।